অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের ধারা বজায় রাখলো বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের পর গতকাল শেষ বত্রিশের লড়াইয়ে জয়ের দেখা পায় লাল-সবুজ প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে সিশেলসকে ৪-২ গোলে হারিয়েছে বায়েজিদ-রাতুলরা। বিশ্বকাপে ই-স্তরের প্লেট লড়াইয়ে শেষ ষোলোতে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। আজারবাইজানের বাকুতে বুধবার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের প্লেট-পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৪০ মিনিটের খেলায় বাংলাদেশের হয়ে ২৮তম মিনিটে গোল করেন রাতুল। তবে নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে সিশেলসকে ৪-২ গোলে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টে ছয় ম্যাচে দ্বিতীয়বারের মতো জয়ের স্বাদ পেলো বাংলাদেশের কিশোররা। এর আগে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে দলটি। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। এরপর বুরুন্ডির কাছে ২-০ গোলে হারের পর ফিজির বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এবার সিশেলসকে হারিয়ে প্লেট-পর্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিলো বায়েজিদ-রাতুলরা।
বাংলাদেশ রয়েছে ‘জি’ গ্রুপে। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল- ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া ও ফিজি। ছয় ম্যাচে দুই জয়, দুই ড্র ও দুই হারে বাংলাদেশের অর্জন ৫ পয়েন্ট। নকআউট পর্বে টিয়ার ‘এ’তে থাকবে ৩২ গ্রুপের চ্যাম্পিয়ন ৩২ দল। তাদের মধ্যে চলবে চ্যাম্পিয়ন তথা ১ নম্বর হওয়ার লড়াই। টিয়ার ‘বি’তে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ৩২ দল। তারা খেলবে ৩৩তম পজিশনের ফাইনাল। বাংলাদেশ গ্রুপ পর্ব শেষ করেছে ৫ নম্বরে থেকে। পঞ্চম স্থানে থাকা ৩২ দল টিয়ার ‘ই’তে। সেখানে শেষ-৩২ জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে বাংলাদেশ। তারপর কোয়ার্টার ও সেমিফাইনাল। এই দলগুলোর মধ্যে ১২৯তম পজিশনের ফাইনালের লড়াই চলছে।
