মুশফিকুরের ফেরা নিয়ে যা জানা গেল

মুশফিকুরের ফেরা নিয়ে যা জানা গেল

ফন্ট সাইজ:

আঙ্গুলের চোটে ক্যারিবীয়দের বিপক্ষে মিরপুর টেস্ট খেলা হয়নি জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহীমের। বিসিবি’র মেডিকেল বিভাগ জানিয়েছে, সিলেট টেস্টের আগেই সুস্থ হয়ে উঠবেন এ ডানহাতি ব্যাটার। গত মঙ্গলবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় চোট পান মুশফিক। অনুশীলনের সময় নেট বোলারের একটি অপ্রত্যাশিতভাবে লাফিয়ে ওঠা বল এসে মুশফিকুরের ডান হাতের তর্জনীতে আঘাত করে। সঙ্গে সঙ্গেই তীব্র ব্যথায় কাতর হয়ে পড়েন তিনি। পরে নেট ছেড়ে বেরিয়ে এসে চেয়ারে বসেন এবং জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা নেন। আঙ্গুলে বিশেষ টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান এই ব্যাটার এবং আর অনুশীলনে নামেননি। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার ডান হাতের তর্জনীতে কনটিউশন বা থেঁতলে যাওয়ার মতো চোট লেগেছে।

যে কারণে প্রথম টেস্টের একাদশে তাকে রাখেনি টিম ম্যানেজমেন্ট। গতকাল জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম এক ভিডিও বার্তায় মুশফিকুরের চোটের বিষয়ে একটি ভিডিও বার্তা দেন। তিনি বলেন, ‘মুশফিকুর রহীম ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছে। পরবর্তী সময় থেকে সে আমাদের পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিনদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে এবং সে পরের টেস্টে খেলতে পারবে।’ বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১০৬টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহীম। টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার দ্বারপ্রান্তে তিনি। টেস্টে ৩৯.০৮ গড়ে তার বর্তমান সংগ্রহ ৬ হাজার ৯৫৭ রান। মাইলফলক ছুঁতে মুশফিকের চাই আর ৪৩ রান। ক্যারিয়ারে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরি করেছেন মি. ডিপেন্ডেবল। আগামী ৫ই নভেম্বর সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে।