ইরাকের সুলেমানিয়ায় এশিয়া কাপ আরচারির বিশ্ব র্যাঙ্কিং- স্টেজ ২ টুর্নামেন্টে দলগত চার ইভেন্টের ফাইনালে উঠে বড় সাফল্যের আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে গতকাল তিন ইভেন্টের ফাইনাল শেষে সোনালি সাফল্য এসেছে কেবল কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে। ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছেন বন্যা আক্তার, কুলসুম আক্তার মনি ও শ্রীপর্ণা বিশ্বাস। অন্যদিকে কম্পাউন্ড পুরুষ ও মিশ্র দলগত ইভেন্টে কাজাখস্তানের কাছে হেরে হতাশ হতে হয়েছে বাংলাদেশের আরচারদের। টুর্নামেন্টের শেষ দিনে আজ রিকার্ভ পুরুষ দল স্বর্ণের লড়াইয়ে মুখোমুখি হবে কাজাখস্তানের। এ ছাড়া রিকার্ভ নারী দল ও রিকার্ভ মিশ্র দল লড়বে ব্রোঞ্জের জন্য। রিকার্ভ এককেও ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ।
কম্পাউন্ড নারী দলগত ফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছেন বাংলাদেশের আরচাররা। চারটি এন্ডেই কাজাখস্তানের চেয়ে বেশি পয়েন্ট অর্জন করেন বন্যা-কুলসুমরা। প্রথম এন্ডে বাংলাদেশ পায় ৫৭, কাজাখস্তান ৫৫ পয়েন্ট। দ্বিতীয় এন্ডে বাংলাদেশের ৫৭ পয়েন্টের বিপরীতে কাজাখস্তান পায় ৫২। তৃতীয় এন্ডে বাংলাদেশ ৫৮ ও কাজাখস্তান ৫৬ পয়েন্ট অর্জন করে। শেষ এন্ডেও ৫৮-৫৭ পয়েন্টে এগিয়ে থেকে ১০ পয়েন্টের ব্যবধানে স্বর্ণ নিশ্চিত করে বাংলাদেশ। তবে কম্পাউন্ড পুরুষ দলগত ফাইনালে সেই সাফল্য ধরে রাখতে পারেননি হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও তরিকুল ইসলাম। কাজাখস্তানের কাছে ২৩০-২২৪ পয়েন্টে হেরে রুপা জিতেছেন তারা। চার এন্ডের তিনটিতেই এগিয়ে ছিল কাজাখস্তান। কম্পাউন্ড মিশ্র দলগত ফাইনালে বন্যা আক্তার ও নেওয়াজ আহমেদ রাকিবের জুটিও কাজাখস্তানের কাছে হেরেছে। প্রথম এন্ডে দুই দল ৩৮ পয়েন্ট করে অর্জন করে। দ্বিতীয় এন্ডে ১০ পয়েন্ট পিছিয়ে পড়ে বাংলাদেশ। তৃতীয় এন্ডে দুই দল আবারো ৩৭ পয়েন্ট করে পায়। শেষ এন্ডে কাজাখস্তান এক পয়েন্ট বেশি অর্জন করলে সব মিলিয়ে ১৫৩-১৪২ পয়েন্টে হারে বাংলাদেশ। এদিকে কম্পাউন্ড পুরুষ এককের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে দুই বাংলাদেশির মুখোমুখি লড়াইয়ে তরিকুল ইসলামকে ১৪৫-১৩৯ পয়েন্টে হারিয়ে পদক জিতেছেন নেওয়াজ আহমেদ। কম্পাউন্ড নারী এককে কাজাখস্তানের আয়াজাহানকে ১৪৩-১৩৯ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার।
