জাপান পরীক্ষায় ‘পজিটিভ’ ফল চায় বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি

জাপান পরীক্ষায় ‘পজিটিভ’ ফল চায় বাংলাদেশ

ফন্ট সাইজ:

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে বাংলাদেশ। আগের ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ জাপানের বিপক্ষে মাঠে নামবে আশরাফুল ইসলামের দল। ভারতের জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সোয়া ৫টায়। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী জাপান। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তাই বাংলাদেশের লক্ষ্য অন্তত ইতিবাচক ফল নিয়ে মাঠ ছাড়া। জাপান ম্যাচে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে অধিনায়ক আশরাফুল বলেন, ‘ভারত ম্যাচে সুযোগগুলো কাজে লাগাতে পারলে ফলটা অন্যরকম হতো। জাপানের বিপক্ষে ভুল-ত্রুটি শুধরে পজিটিভ রেজাল্ট করতে চাই।’ ভারতের কাছে বড় ব্যবধানে হারের পেছনে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলার অভাবকেও দায়ী করছেন তিনি। আশরাফুল বলেন, ‘আমাদের ভারত, পাকিস্তানের মতো দলগুলোর সঙ্গে নিয়মিত খেলা দরকার।’ এক মাস আগে এশিয়ান গেমসে ভারতের কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

এবার একই প্রতিপক্ষের কাছে হজম করেছে ১৩ গোল। স্বাগতিকদের বিপক্ষে একটি পেনাল্টি কর্নারও আদায় করতে পারেনি দল। জাপানের শুরুটা হয়েছে জয় দিয়ে। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে দুইবারের রানার্সআপ দলটি নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ৩-২ গোলে। ঘরের মাঠে এশিয়ান গেমসে পঞ্চম স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হলেও এবারের টুর্নামেন্টে ভালো শুরুর আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে মাঠে নামবে তারা। বাংলাদেশের জন্য তাই ম্যাচটি হবে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি নিজেদের সামর্থ্য যাচাইয়েরও পরীক্ষা। ভারতের পাঞ্জাবের দুটি শহরে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। ছয়টি দল সিঙ্গেল রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। লীগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। আগামী ২ নভেম্বর পর্যন্ত জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে হবে লীগ পর্বের ম্যাচ। এরপর টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হবে মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে। ৪ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ৫ নভেম্বর ব্রোঞ্জ ও স্বর্ণপদকের লড়াই দিয়ে পর্দা নামবে আসরের।