মানুষের ভালোবাসায় সব সময়ই আমি সিক্ত

মানুষের ভালোবাসায় সব সময়ই আমি সিক্ত

ফন্ট সাইজ:

১৯৯১ সালে এহতেশামের হাত ধরে ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে দুই নতুন মুখ নাঈম-শাবনাজের অভিষেক হয়েছিল। সিনেমাতে ‘চাঁদনী’র ভূমিকায় অভিনয় করেছিলেন শাবনাজ। আর এ সিনেমার মধ্যদিয়েই বাংলাদেশের চলচ্চিত্রে তারুণ্যের জোয়ার শুরু হয়েছিল। ‘চাঁদনী’ সিনেমার পর নাঈম-শাবনাজ এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে, জুটি হিসেবে তাদের দর্শক গ্রহণ করে নেন। যে কারণে জুটিবদ্ধ হয়ে তারা পরবর্তীতে ‘জিদ’, ‘লাভ’, ‘সোনিয়া’, ‘অনুতপ্ত’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’, ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমাতে অভিনয় করেন। নাঈম-শাবনাজ ১৯৯৪ সালে বিয়ে করেন। ২০০১ সালে সর্বশেষ এই জুটিকে প্রয়াত আজিজুর রহমানের ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমাতে দেখা যায়। এরপর ২০০৭ সালে শাবনাজকে আজিজুর রহমানেরই ‘ডাক্তার বাড়ি’ সিনেমাতে অভিনয়ে দেখা যায়। দর্শকদের কাছে তিনি ‘শাবনাজ’

নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম সাবরিনা তানিয়া। তিন বোনের মধ্যে তিনি সবার বড়। তার ছোট বোন মৌ-ও একজন অভিনেত্রী। শাবনাজের বাবার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন গুণী পরিচালক আজিজুর রহমান। তার মাধ্যমেই পরিচালক এহতেশামের হাত ধরে রুপালি পর্দায় পা বাড়ান শাবনাজ। এদিকে, আজ শাবনাজের জন্মদিন। জন্মদিনে বিশেষ কোনো আয়োজন না থাকলেও পারিবারিকভাবেই নিজেদের মতো করে দিনটি উদ্‌যাপন করা হবে বলে জানান শাবনাজ। তিনি বলেন, মহান আল্লাহ্‌র কাছে অসীম কৃতজ্ঞতা যে, তিনি আমাকে সুন্দর এক জীবন উপহার দিয়েছেন। মানুষের ভালোবাসায় সব সময়ই আমি সিক্ত। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবার কাছে দোয়া চাই, যেন বাকিটা জীবন স্বামী-সন্তানদের নিয়ে সুস্থ ও সুন্দরভাবে কাটিয়ে
দিতে পারি।