দীর্ঘদিন ধরে বড় মঞ্চের কনসার্ট ও বাণিজ্যিক সংগীতের আয়োজন থেকে দূরে রয়েছেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। এ নিয়ে নানা গুঞ্জন থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানিয়েছেন, নেশার কারণে গান ছেড়ে দেননি। বরং জীবন সহজ করতে এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছেন। আনুশেহ বলেন, অনেকে দূর থেকে তাকে বিচার করে মনে করেন, নেশার কারণে তিনি গান ছেড়ে দিয়েছেন কিংবা গান গাইতে পারেন না। তবে বিষয়টি সত্য নয়।
তিনি এখনো গান গাইতে পারেন এবং সম্প্রতি একদল নারীর জন্য গান গেয়েছেনও। বড় কনসার্ট ও বাণিজ্যিক সংগীতের আয়োজন এড়িয়ে চলার বিষয়ে আনুশেহ জানান, নিজের জীবন সহজ করার লক্ষ্যেই তিনি কিছু সিদ্ধান্ত নিয়েছেন। তার এই বক্তব্যের মধ্যদিয়ে গান থেকে সরে যাওয়ার গুঞ্জন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শিল্পী। এর আগে চলতি বছরের জুলাইয়ে আনুশেহ জানিয়েছিলেন, ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন তিনি। দীর্ঘদিন মঞ্চ ও সংগীত থেকে দূরে থাকার কারণ হিসেবে নিজের শারীরিক সমস্যার কথা তুলে ধরেন । তিনি জানান, টিনিটাস নামের সমস্যায় ভুগছেন; যার ফলে কানের ভেতরে সব সময় তীব্র শব্দ শুনতে পান। এ সমস্যার কারণে উচ্চ শব্দ সহ্য করা কঠিন হয়ে উঠেছে তার।
