কিছুদিন আগেই প্রচারে এসেছে দুই বরেণ্য অভিনয়শিল্পী আবুল হায়াত ও ডলি জহুর অভিনীত চয়নিকা চৌধুরী পরিচালিত ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকটি। এই নাটকে তাদের অভিনয় দর্শককে যথারীতি মুগ্ধ করেছে। এবার চয়নিকা চৌধুরী আবারো তাদের দু’জনকে নিয়ে নতুন একটি নাটক নির্মাণ করলেন। নাটকের নাম ‘আহারে জীবন’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। নাটকের আরও দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামাল। এরই মধ্যে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। চয়নিকা চৌধুরীর ভাষ্যমতে, তারই পরিচালনায় আবুল হায়াত প্রায় ২৫০ এবং ডলি জহুর দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন।
আবুল হায়াত বলেন, চয়নিকা চৌধুরী একজন অভিজ্ঞ পরিচালক। নিঃসন্দেহে তার কাজ আমি ভীষণ উপভোগ করি। আর ডলির সঙ্গে বহুদিন ধরে কাজ করছি, যে কারণে তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা ভালো। আমরা একে অপরকে বেশ ভালো বুঝি। সত্যি বলতে কি, আমার সহশিল্পী আমার অভিনয় কীভাবে রিসিভ করে তার রিঅ্যাকশন দেবেন— এটা খুবই গুরুত্বপূর্ণ। ‘আহারে জীবন’ নাটকটির গল্প সুন্দর। আশা করছি, ভালো লাগবে দর্শকের।
ডলি জহুর বলেন, হায়াত ভাইয়ের সঙ্গে অভিনয় করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি, আরামবোধ করি। তাকে আমি খুব সহজে বুঝতে পারি, তিনিও আমাকে বুঝতে পারেন। আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটা চমৎকার। যথারীতি ‘আহারে জীবন’ নাটকেও আমাদের অভিনয় দর্শকের ভালো লাগবে। আর চয়নিকা তো আসলে আমাদের নিজেদের মানুষ। তার পরিচালনায় অসংখ্য নাটকে অভিনয় করেছি। চয়নিকার নাটক মানেই একটা আলাদা ভালোলাগা কাজ করে। চয়নিকা চৌধুরী জানান, নাটকটি শিগগিরই প্রচারে আসবে ‘রঙ্গন’-এ।
