পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চয়তায় এসএ গেমস

পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চয়তায় এসএ গেমস

ফন্ট সাইজ:

নভেম্বরে সৌদি আরবের রিয়াদে হওয়ার কথা ছিল এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমস। তবে রিয়াদের অস্থিতিশীল পরিস্থিতির কারণে পিছিয়ে গেছে আসরটি। নতুন সূচি অনুযায়ী, আগামী বছরের ২৮ মার্চ থেকে ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে গেমস। আর তাতেই নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ান গেমস (এসএ গেমস) নিয়ে। কারণ, পাকিস্তানে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল এসএ গেমস আয়োজনের সূচি নির্ধারিত রয়েছে। ফলে প্রায় একই সময়ে দুটি গেমস আয়োজনের জটিলতা দেখা দিয়েছে।


সোমবার বিকেলে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) এক জরুরি অনলাইন সভায় এশিয়ার বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবরা অংশ নেন। সভায় সৌদি আরবের পক্ষ থেকে এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমসের সূচি পেছানোর প্রস্তাব দেওয়া হয়। তাতে সম্মতি জানান অংশগ্রহণকারীরা।


বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, ‘সৌদি আরব গেমসটি পেছানোর প্রস্তাব জানায়। সবাই এতে সম্মতি দিয়েছে। মার্চে নতুন সূচি নির্ধারণ হয়েছে।’


এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমসে কারাতে, টেবিল টেনিস, উশু, তায়কোয়ান্দোসহ বেশ কয়েকটি ডিসিপ্লিন রয়েছে। নতুন সূচিতে এই গেমসের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়েছে এসএ গেমসের সময়সূচি। ফলে কোন আসরের সূচি পরিবর্তন করা হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।


রানা বলেন, ‘আজকের সভায় পাকিস্তানের কর্মকর্তাও ছিলেন। সভার পর আমরা ফোন করেছিলাম, কিন্তু উত্তর পাইনি। এসএ গেমস কিংবা মার্শাল আর্ট গেমস—দুটিই একই সময়ে পড়েছে। ফলে একটি গেমসের সূচি পরিবর্তন করতেই হবে। এখন কোনটির সূচি পরিবর্তন হয়, সেটাই দেখার বিষয়।’


দুই বছর পরপর এসএ গেমস আয়োজনের কথা থাকলেও ২০১৯ সালে নেপালের কাঠমান্ডুতে সর্বশেষ আসর বসেছিল। এরপর কেটে গেছে প্রায় সাত বছর, কিন্তু পরবর্তী আসর মাঠে গড়ায়নি। একাধিকবার সূচি পরিবর্তনের পর পাকিস্তানে ২০২৭ সালের এপ্রিলে গেমসটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে, এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমসের সূচিতেও একাধিকবার পরিবর্তন এসেছে। এবার নতুন করে তারিখ পেছানোয় এসএ গেমসের আয়োজন নিয়েও দেখা দিয়েছে সংশয়।