কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র পঞ্চম মৌসুমে নতুন চমক হয়ে এসেছেন তরুণ অভিনেত্রী রিয়া বর্মণ। ধারাবাহিকটিতে মতলবের স্ত্রী ঝিলিক চরিত্রে অভিনয় করছেন তিনি। নতুন এই চরিত্রে হাজির হয়ে দর্শকদের নজর কাড়ছেন রিয়া। ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’র ১২৭তম পর্ব থেকে পর্দায় দেখা যাচ্ছে রিয়াকে। এর আগে ধারাবাহিকটিতে ফিরেছেন নেহাল ও জাকির। পরে যুক্ত হয়েছেন অর্চিতা স্পর্শিয়াও। পরিচিত চরিত্রের প্রত্যাবর্তন এবং নতুন মুখের উপস্থিতিতে ধারাবাহিকটির গল্পে এসেছে নতুন মাত্রা। সম্প্রতি নির্মাতা কাজল আরেফিন অমি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মতলব ও ঝিলিকের একটি পোস্টার প্রকাশ করেছেন। মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া রিয়া এর আগে বেশ কয়েকটি নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন।
তবে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের পর দর্শকদের কাছে নতুনভাবে পরিচিতি পাচ্ছেন তিনি। নিজের অভিজ্ঞতা জানিয়ে রিয়া বলেন, কয়েকদিন ধরে ধারাবাহিকটির শুটিং করছেন তিনি। তার অভিনীত পর্ব প্রচারের পর দর্শকদের প্রতিক্রিয়ায় মুগ্ধ হয়েছেন। ধানমণ্ডিতে শুটিংয়ের সময় অনেকেই তাকে ‘ঝিলিক’ নামে ডাকতে শুরু করেন। পরে তিনি জানতে পারেন, তার অভিনীত পর্বটি প্রচারিত হয়েছে। রিয়া জানান, নির্মাতা অমি ও পুরো দলের সহযোগিতা তার কাজের অভিজ্ঞতাকে আনন্দময় করেছে। এদিকে, শিগগিরই শেষ হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’র পঞ্চম মৌসুম।
