আপসে রাজি নন রাধিকা

আপসে রাজি নন রাধিকা

ফন্ট সাইজ:

বিনোদনের নামে পর্দায় হিংসার এমন প্রদর্শন কেন— প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। বাণিজ্যিক সিনেমায় মারপিট, রক্তপাত ও নৃশংস হত্যার দৃশ্যের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের ছবির সঙ্গে নিজের শিল্পবোধের মিল না থাকায় এমন সিনেমা থেকে দূরে থাকতে চান। সম্প্রতি নিজের আসন্ন নেটফ্লিক্স সিরিজ ‘আক্কা’র প্রচারে গিয়ে সিনেমায় হিংসার ব্যবহার নিয়ে কথা বলেন রাধিকা। তার মতে, বর্তমানে বড় পর্দায় দর্শকদের আকৃষ্ট করতে নির্মম মারধর ও ভয়াবহ আঘাতের দৃশ্যের ওপর অতিরিক্ত গুরুত্ব দেয়া হচ্ছে। অথচ এ ধরনের দৃশ্যকে সৃজনশীলতার প্রকাশ বলে মেনে নিতে পারছেন না অভিনেত্রী।

রাধিকার বক্তব্য, পর্দায় যখন একসঙ্গে বহু নারী-পুরুষকে মারধর করা হয়, তাদের ওপর নৃশংস অত্যাচার চালানো হয়, তখন দর্শক কীভাবে সেই দৃশ্য উপভোগ করতে পারেন— তা তার বোধগম্য নয়। এমন দৃশ্যের উদাহরণ দিতে গিয়ে তিনি মাথা বেসিনের উপর আছড়ে ভেঙে দেয়ার মতো ঘটনার উল্লেখ করেন। অন্য ছবিতেও একই ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি তাকে ভাবিয়ে তুলেছে। অভিনেত্রীর মতে, বাণিজ্যিক ছবিতে এই প্রবণতা যতই জনপ্রিয় হোক, তার সঙ্গে আপস করতে রাজি নন তিনি। ব্যক্তিগত পছন্দ ও শিল্পী হিসেবে নিজের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়েই কাজ বেছে নিতে চান রাধিকা।