আলোচনায় তসিবা-পাভেলের ‘মন বেফানা’

আলোচনায় তসিবা-পাভেলের ‘মন বেফানা’

ফন্ট সাইজ:

সিলেটের আঞ্চলিক ভাষার গানের প্রতি শ্রোতাদের ভালোবাসা চিরন্তন। সেই চেনা মাটির সুবাসের সঙ্গে যদি যুক্ত হয় ওয়েস্টার্ন বা আধুনিক মিউজিকের মেলোডি, তবে তা এক অন্যরকম মাত্রা পায়। ঠিক এমন এক দারুণ রসায়ন নিয়ে হাজির হয়েছেন দেশের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী তসিবা ও আশরাফুল পাভেল। তাদের দ্বৈত কণ্ঠে মুক্তি পাওয়া ‘মন বেফানা’ এখন তরুণ শ্রোতাদের মুখে মুখে। ‘তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’— এমন মিষ্টি কিছু আঞ্চলিক শব্দের ব্যবহারে গানটি সাজিয়েছেন গীতিকার ও সুরকার মো. আকাশ আলম। শিল্পী আশরাফুল পাভেল নিজেই এর সংগীতায়োজন করেছেন।

সিলেটের লোকজ ঢঙের গায়কীর সঙ্গে আধুনিক পপ ও মেলোডির এই ফিউশন গানটিকে বেশ স্বাতন্ত্র্য এনে দিয়েছে। গানটির মিউজিক ভিডিওতেও রাখা হয়েছে চমক। দুই দেশের দারুণ সব লোকেশনে গানটির চিত্রধারণ করা হয়েছে। এর একটি অংশের শুটিং হয়েছে বাংলাদেশে এবং অন্য অংশটির দৃশ্যধারণ করা হয়েছে ফ্রান্সে। আশরাফুল পাভেলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর থেকেই এটি ছড়িয়ে পড়ে। গানটি প্রসঙ্গে পাভেল বলেন, সবসময় চেষ্টা করি আমাদের শিকড়ের গানকে আন্তর্জাতিক মানের মিউজিক অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে।

সিলেটের আঞ্চলিক ভাষার আলাদা মিষ্টি সুর আছে। ‘মন বেফানা’ গানটির সুর যখন আমি প্রথম শুনি, তখনই মনে হয়েছিল এর সঙ্গে ওয়েস্টার্ন বা পপ মেলোডির একটা ফিউশন করলে দারুণ কিছু হবে। আর তসিবার কণ্ঠের যে মাটির টান, সেটা গানটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। তসিবা বলেন, সিলেটি ভাষার গান গাইতে আমি সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। শ্রোতারাও আমার কণ্ঠে এ ধরনের গান ভালোবাসেন। তবে ‘মন বেফানা’ গানটি আমার আগের কাজগুলো থেকে আলাদা। প্রকাশের পর থেকেই সবার কাছ থেকে অসম্ভব সাড়া পাচ্ছি।