ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক প্রশাসনিক ভবন নর্থ ব্লকের পেছনে ঘন কালো ধোঁয়া দেখা গেছে। এ ঘটনায় ছয়টি দমকলের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, নর্থ ব্লকের ভেতরে অজ্ঞাত একটি স্থান থেকে ধোঁয়া বের হওয়ার খবর পেয়ে তারা ফোনকল পায়। এরপর দ্রুত ঘটনাস্থলে ছয়টি দমকলের গাড়ি পাঠানো হয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
সংসদে যাওয়ার পথে নর্থ ব্লকের পেছন থেকে ধোঁয়া উঠতে দেখেছেন বলে জানিয়েছেন সংসদ সদস্য মিলিন্দ দেওরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, সংসদে যাওয়ার পথে নর্থ ব্লকের পেছন থেকে ঘন ধোঁয়া উঠতে দেখেছি। সেখানে আগুন লেগে থাকতে পারে বলে মনে হচ্ছে। আশা করি, সবাই নিরাপদে আছেন এবং জরুরি সেবাদানকারী দল দ্রুত পরিস্থিতি মোকাবিলা করছে। নর্থ ব্লক দিল্লির রাইসিনা হিলে অবস্থিত লাল বেলেপাথরে নির্মিত একটি ঐতিহাসিক প্রশাসনিক ভবন। তবে সেখানে আগুন লেগেছে কি না, কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
