ভারতের হায়দরাবাদে নিজ বাসা থেকে ২৯ বছর বয়সী এক নারী সফটওয়্যারকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে এ ঘটনা ঘটে। মৃত্যুর আগে এক সহকর্মীকে ভিডিও কল করে বিয়ে না করলে আত্মহত্যা করার হুমকি দিয়েছিলেন তিনি। পুলিশ বলেছে, এ ঘটনায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে। মৃত নারীর নাম অর্চনা চৌধুরী মালিক। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। হায়দরাবাদের মাইন্ডস্পেস আইটি করিডরে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করতেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। পুলিশের তথ্য অনুযায়ী, রোববার রাত আড়াইটার দিকে ওই নারী তার এক সহকর্মীকে ভিডিও কল করেন। সে সময় ওই সহকর্মী হায়দরাবাদের বাইরে মায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে ছিলেন।
ভিডিও কলে অর্চনা তাকে বিয়ে না করলে নিজের জীবন শেষ করে দেয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, পরে ওই সহকর্মী বারবার অর্চনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু কোনো সাড়া পাননি। ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি অর্চনার ফ্ল্যাটে পৌঁছান। সেখানে গিয়ে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। মাধাপুর থানার পুলিশ জানায়, টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে ওই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহের জন্য বিশেষজ্ঞ দল পাঠায়। পরে অর্চনার মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। তদন্তকারীরা তার মৃত্যুর আগের পরিস্থিতি, ওই সহকর্মীর সঙ্গে কথিত সম্পর্ক এবং মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ।
