কারাগারে ভেজেমাইট খাওয়ার লড়াইয়ে হারলেন অস্ট্রেলিয়ার খুনি

কারাগারে ভেজেমাইট খাওয়ার লড়াইয়ে হারলেন অস্ট্রেলিয়ার খুনি

ফন্ট সাইজ:

কারাগারে অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হিসেবে পরিচিত লবণাক্ত ইস্ট-ভিত্তিক খাবার ‘ভেজেমাইট’ খাওয়ার আইনি লড়াইয়ে হেরে গেছেন এক খুনি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওই কয়েদির ভেজেমাইট খাওয়ার আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। খবর অনলাইন বিবিসি।

৫৪ বছর বয়সী আন্দ্রে ম্যাককেচনি নব্বইয়ের দশকে এক আবাসন ব্যবসায়ীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। তার দাবি ছিল, ২০০৬ সাল থেকে চলা নিষেধাজ্ঞার কারণে তিনি একজন অস্ট্রেলীয় হিসেবে নিজ সংস্কৃতি উপভোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তবে ভিক্টোরিয়া রাজ্যের কর্তৃপক্ষ জানায়, কয়েদিরা এই তীব্র গন্ধযুক্ত পেস্ট ব্যবহার করে অবৈধ জিনিসপত্র লুকাতে বা অ্যালকোহল তৈরি করতে পারে। বিচারক আপিল খারিজ করে বলেন, কারাদণ্ডের কারণে তার সাংস্কৃতিক অধিকার সীমিত হয়ে গেছে।

ম্যাককেচনির দাবি ছিল, এই নিষেধাজ্ঞা কয়েদিদের স্বাস্থ্য বজায় রাখার আইনের লঙ্ঘন। কিন্তু তা আদালতে প্রমাণিত হয়নি। শুনানিতে জানানো হয়, ভেজেমাইটের গন্ধ মাদক সন্ধানী কুকুরদের বিভ্রান্ত করে। বর্তমানে কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার কারাগারেও এটি নিষিদ্ধ।
বৃটেনের খাবার মারমাইটের বিকল্প হিসেবে এক শতাব্দীরও বেশি সময় আগে মেলবোর্নে এটি আবিষ্কৃত হয়। গত বছর কানাডায় স্বাস্থ্য বিধিমালার কারণে ভেজেমাইট সরাতে বললে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন। পরে সেখানে এটি বিক্রির অনুমতি দেয়া হয়।