শ্যামনগরে নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজের চার দিন পর ধান ক্ষেত থেকে মনোরঞ্জন মন্ডল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
সোমবার ২৬ অক্টোবর সকালে উপজেলার সুন্দরবন এবং সীমান্ত ঘেঁষা কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মনোরঞ্জন মণ্ডল উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চার দিন আগে ধানক্ষেতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মনোরঞ্জন মন্ডল। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তাঁর খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। অবশেষে সোমবার সকালে শৈলখালীর একটি ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা মরদেহটি মনোরঞ্জন মন্ডলের বলে শনাক্ত করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা করছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।