কুলাউড়ায় পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে এ ঘাটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাকিব আহমদ (২৩) নামে এক সিএনজি অটোরিকশা চালক যুবককে আটক করেছে। পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা। নিহত রিপন পৃত্থিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের হানু মিয়ার ছেলে। কুলাউড়া থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা জানান, গত সোমবার রাত থেকে রিপন নিখোঁজ ছিলেন। তার মুঠোফোনও ছিল বন্ধ। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে গত মঙ্গলবার রাতে চকসালন এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, আলীনগর গ্রামের জমসেদ আলীর ছেলে সিএনজি চালক সাকিব ছিলেন রিপনের মালিকানাধীন সিএনজির (অটোরিকশা) চালক। সেই সুবাদে রিপনের বাড়িতে তার আসা যাওয়া ছিলো। ফলে রিপনের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন সাকিব। বিষয়টি জানাজানি হলে নিহত ও সাকিবের মধ্যে বিরোধ বাধে। রিপনের স্ত্রী ও সাকিবের পরকীয়ার প্রেমের ভিডিও ক্লিপ রয়েছে বলেও স্থানীয়রা জানান। এই ঘটনার জের ধরে সাকিব পরিকল্পিতভাবে রিপনকে ঘটনাস্থলে নিয়ে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে। কুলাউড়া থানার ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতক সাকিবকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।