ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের ক্যারামের মোড় থেকে আদম আলী মসজিদ পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সড়কটির উন্নয়নকাজ শুরু হলেও কাজ অসমাপ্ত রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, ক্যারামের মোড় থেকে আদম আলী মসজিদ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের সংস্কারের কাজ শুরু হলেও অদৃশ্য কারণে মাঝপথে বন্ধ হয়ে যায় সংস্কারের কাজ। তবে রাতের আঁধারে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীরা। অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীদের মারধর করে তাড়িয়ে দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও যানবাহন চালকরা। ব্যাহত হচ্ছে তাদের নিত্যদিনের স্বাভাবিক কার্যক্রম।
স্থানীয় বাসিন্দা মো. আয়নাল বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের চলাচল করতে হয়। যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছি আমরা। স্থানীয়দের অভিযোগ, সড়কের উন্নয়নকাজে নিয়োজিত শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দেয়ার পর থেকেই কাজ বন্ধ রয়েছে। এরপর কাজ ফেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন চলে গেলেও বিষয়টি নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে দাবি তাদের। ব্যবসায়ী চুন্নু মিয়া বলেন, কেন কাজ বন্ধ হয়ে গেল, সেটা আমরা জানি না। কিন্তু কাজ বন্ধ থাকার কারণে ভোগান্তি তো আমাদেরই হচ্ছে। দোকানের মালামাল আনতে বেগ পোহাতে হচ্ছে। মাদ্রাসা শিক্ষার্থীর অভিভাবক আমজাদ হোসেন বলেন, ছেলেমেয়েদের মাদ্রাসায় পাঠাতে আমাদের চিন্তায় থাকতে হয়। বৃষ্টি হলে রাস্তা দিয়ে যাতায়াত আরও কঠিন হয়ে পড়ে। কবরস্থানে যায়-আসা করতে মানুষজনকেও অনেক কষ্ট পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা মিনা সরকার ও লতা সরকার জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থার কারণে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বৃষ্টি পর রাস্তায় পানি জমে যাওয়ায় পায়ে হেঁটে বাজারে যাওয়া যাচ্ছে না। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি দ্রুত সড়কটির সংস্কারকাজ শেষ করে তাদের দুর্ভোগের অবসান ঘটানো হোক।
