নোয়াখালীতে কাটা হলো ‘রিকশাওয়ালা বাঁধ’

ফন্ট সাইজ:

নোয়াখালীতে পানিবন্দি ৪২ লাখ মানুষের জীবন থেকে মুক্তি পেতে দুই এমপি’র নেতৃত্বে কাটা হলো রিকশাওয়ালা বাঁধ। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকট নিরসনে নোয়াখালীর কবিরহাট উপজেলার আলগির খালের উপর নির্মিত আলোচিত ‘রিকশাওয়ালার বাঁধ’ অপসারণ করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাঁধটি কেটে খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।

একসময় বামনী নদীর লবণাক্ত পানির প্রবেশ ঠেকাতে মাটির এই আড়িবাঁধটি নির্মাণ করা হলেও পরবর্তীতে তা নোয়াখালী সদর, কবিরহাট ও কোম্পানীগঞ্জের পানি নিষ্কাশনে বড় বাধা হয়ে দাঁড়ায়। সম্প্রতি বামনী নদীতে ক্লোজার ও ১৯-ভেন্ট রেগুলেটর নির্মাণের পর এই আড়িবাঁধটি সরানোর সিদ্ধান্ত নেয়া হয়। এর পাশাপাশি আলগির খাল ও জালিয়ার খালের মোট ১০.৫ কিলোমিটার এলাকা পুনঃখনন করা হচ্ছে। প্রশাসন জানায়, বাঁধ অপসারণ ও খাল খনন সম্পন্ন হলে ১৫০ বর্গকিলোমিটার এলাকার প্রায় ৯ লাখ মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন। পাশাপাশি কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এলাকার প্রায় ২৮০ কোটি টাকার স্থাবর সম্পদ সুরক্ষার পথ সুগম হবে।