বৃটেনের ইতিহাসে প্রথমবার ডিজেলের দাম লিটারে ২ পাউন্ড ছাড়াল

বৃটেনের ইতিহাসে প্রথমবার ডিজেলের দাম লিটারে ২ পাউন্ড ছাড়াল

ফন্ট সাইজ:

বৃটেনের ইতিহাসে এই প্রথমবারের মতো ডিজেলের খুচরা মূল্য প্রতি লিটার ২ পাউন্ড (৩২৬ টাকা প্রায়) ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। মোটরচালকদের সংগঠন আরএসি’র প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দেশটিতে প্রতি লিটার ডিজেলের গড় দাম দাঁড়িয়েছে ২০০ দশমিক ০১ পেন্সে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষভাগে মধ্যপ্রাচ্যে ইরান সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে ডিজেলের দাম বেড়েছে প্রায় ৪০ দশমিক ৫ শতাংশ।

আরএসি জানায়, দাম বাড়ার ফলে একটি সাধারণ পারিবারিক গাড়ির ৫৫ লিটারের ফুয়েল ট্যাংক পূর্ণ করতে এখন খরচ পড়ছে প্রায় ১১০ দশমিক ০১ পাউন্ড—যা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৩২ পাউন্ড বেশি। একইসঙ্গে পেট্রলের দামও বেড়ে প্রতি লিটার ১৭৪ দশমিক ৭১ পেন্সে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, তেলের এই তীব্র মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তা ও পরিবহন ব্যবসায়ীদের ওপর চরম আর্থিক চাপ সৃষ্টি করছে। অতীতে লম্বা দূরত্বের ভ্রমণের জন্য ডিজেল গাড়িকে সবচেয়ে সাশ্রয়ী ভাবা হলেও এখন তা সাধারণ মানুষের খরচের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বিঘ্নিত হওয়া এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পদক্ষেপের বিপরীতে ইরানের নৌপথ অবরোধের প্রভাব পড়েছে বিশ্ববাজারে। পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে ডিজেল রপ্তানি বন্ধ করে দেয়ার হুমকির পর।

এদিকে পেট্রল পাম্পগুলোতে আতঙ্ক এড়াতে বৃটিশ সরকার আশ্বস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটির পরিবহনমন্ত্রী কিয়ার ম্যাথার জানিয়েছেন, বৃটেনে ডিজেলের কোনো সংকট নেই এবং সরবরাহ ব্যবস্থা যথেষ্ট টেকসই। সংকট মোকাবিলায় এবং চাপ কমাতে জরুরি ডিজেল মজুত বাজারে ছাড়ার বিষয়ে ইউরোপীয় কমিশন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও আয়ারল্যান্ডের মতো মিত্রদের সঙ্গে জরুরি আলোচনা চালিয়ে যাচ্ছে বৃটেন।
(১ পাউন্ড=১৬৩ টাকা)