ভারতের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতার বিকাশ বাধাগ্রস্ত করতে একযোগে অর্থনৈতিক চাপ ও সামরিক কৌশল প্রয়োগ করছে চীন। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব সীমিত করতে চাইছে বেইজিং। গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় চীনের ভূমিকা সেই কৌশলেরই একটি উদাহরণ। এমনটাই উঠে এসেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি বিশেষ কমিশনের সর্বশেষ প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের (ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন) ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে চীন তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে। দেশটির উত্থান ঠেকাতে অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সামরিক—বিভিন্ন ক্ষেত্রে চাপ প্রয়োগ করছে বেইজিং।
‘চীনের আরেকটি রণাঙ্গন: ভারত এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক জোটের বাইরে থাকা হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে ভারত অন্যতম, যাদের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা চীনের সঙ্গে প্রতিযোগিতা করার মতো। ভারতের শক্তিশালী হয়ে ওঠা এশিয়ায় ক্ষমতার ভারসাম্য রক্ষায় যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি চীনের সরবরাহ ও উৎপাদন ব্যবস্থার বিকল্প হিসেবেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ‘চীন বিষয়টি বোঝে এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতের উত্থান ঠেকাতে সক্রিয়ভাবে কাজ করছে।’
ভারতকে চাপে রাখতে অর্থনৈতিক অস্ত্র
মার্কিন কমিশনের মতে, ভারতকে মোকাবিলায় চীনের সবচেয়ে কার্যকর অস্ত্র হচ্ছে অর্থনৈতিক চাপ। গুরুত্বপূর্ণ শিল্পের কাঁচামাল, প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞানের ওপর নিজেদের নিয়ন্ত্রণ ব্যবহার করে ভারতের প্রতিযোগিতামূলক উৎপাদন সক্ষমতা গড়ে ওঠার পথে বাধা সৃষ্টি করছে বেইজিং।
এ উদ্দেশ্যে ভারতের কাছে গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে চীন। এর মাধ্যমে নয়াদিল্লির ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং দেশটির শিল্প ও প্রযুক্তিগত অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।
অপারেশন সিঁদুরে পাকিস্তানের পাশে চীন
প্রতিবেদনে পাকিস্তানের সঙ্গে চীনের গভীরতর সামরিক সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে গত বছরের মে মাসে অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং পাকিস্তানকে দীর্ঘদিন ধরে দেয়া সমর্থন ভারতের মধ্যে দুই দিক থেকে সমন্বিত সামরিক হুমকির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। ২০২৫ সালের মে মাসের সংঘাত দেখিয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও কীভাবে একটি সংকটের সময় পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে পারে চীন।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে জম্মু-কাশ্মীরে ২৬ জন বেসামরিক মানুষকে হত্যার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। ওই হামলার পেছনে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করে নয়াদিল্লি।
চলতি বছরের শুরুতে প্রথমবারের মতো চীন স্বীকার করে, অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানকে সরেজমিনে প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল তারা। মার্কিন কমিশনের প্রতিবেদনে এই বিষয়টিকে চীন-পাকিস্তান সামরিক সহযোগিতার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়েছে।
ভারত মহাসাগরেও চীনের প্রভাব বিস্তারের চেষ্টা
দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ভারতের কৌশলগত অবস্থানের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছে মার্কিন কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরে চীনের সামরিক ও নৌ-উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টা গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথ ও কৌশলগত প্রবেশপথের ওপর প্রভাব বিস্তারের অংশ। এর ফলে এ অঞ্চলে ভারতের দীর্ঘদিনের কৌশলগত সুবিধা ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ ছাড়া অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদারত্বের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আকৃষ্ট করছে চীন। তুলনামূলক বিকল্পের অভাব এবং বেইজিংয়ের বিপুল আর্থিক সক্ষমতা এ ক্ষেত্রে চীনকে বাড়তি সুবিধা দিচ্ছে। এর ফলে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব আরও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।
ভারতের সঙ্গে সামরিক সমন্বয় বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
চীনের আঞ্চলিক প্রভাব মোকাবিলায় ভারতের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার সুপারিশ করেছে মার্কিন কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরে পানির নিচের সামরিক তৎপরতা এবং সামুদ্রিক পরিস্থিতি সম্পর্কে নজরদারি ও তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে ভারতের সমকক্ষ কর্মকর্তাদের সঙ্গে কাজ করার নির্দেশ দিতে পারে কংগ্রেস।
শুধু যৌথ সামরিক মহড়ার মধ্যে সহযোগিতা সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদি কার্যকর সামরিক সমন্বয় গড়ে তোলার ওপর জোর দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য ও নজরদারির তথ্য বিনিময়, চীনা যুদ্ধজাহাজ ও সাবমেরিনের গতিবিধি যৌথভাবে পর্যবেক্ষণ এবং সামুদ্রিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়ানো।
এ ছাড়া দুই দেশের প্রতিরক্ষা, সরকার, ব্যবসা ও শিক্ষাঙ্গনের উদীয়মান নেতৃত্বের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে ‘ইন্দো-আমেরিকান স্ট্র্যাটেজিক লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ চালুর সুপারিশ করা হয়েছে।
মার্কিন কমিশনের এই প্রতিবেদন থেকে স্পষ্ট, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় ভারতকে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখছে ওয়াশিংটন। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে বেইজিংয়ের সামরিক সহযোগিতা এবং ভারত মহাসাগরে চীনের উপস্থিতি যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলের জন্য বড় বিবেচ্য হয়ে উঠেছে।
