গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনিদের ওপর হামলা থামায়নি ইসরাইল। এবার জনবসতিপূর্ণ এলাকায় নতুন কৌশলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আকাশ থেকে বিশাল আকারের কোয়াডকপ্টার ড্রোন থেকে গাজার বাড়ির ছাদে ফেলা হচ্ছে বিস্ফোরকভর্তি বাক্স। এরপর একের পর এক বিস্ফোরণে গুঁড়িয়ে যাচ্ছে বহুতল ভবন, ধ্বংস হচ্ছে মানুষের সাজানো সংসার। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনি পরিবারগুলো।
গত ১৩ই নভেম্বর গাজার পূর্বাঞ্চলে আল-জাইতুন এলাকায় এমনই এক হামলার শিকার হয় জাবের ইয়াসিনের পরিবার। শুক্রবারের পারিবারিক মধ্যাহ্নভোজের জন্য ঐতিহ্যবাহী খাবার মাফতুল তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন এই পরিবারের ১৩ সদস্য। হঠাৎ শুনতে পান বিকট ইঞ্জিনের শব্দ। শব্দ ক্রমেই কাছে আসতে থাকে।
প্রথমে ইয়াসিন ভেবেছিলেন, ইসরাইলি কোনো ট্যাংক এগিয়ে আসছে। কিন্তু জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন, বিশাল একটি কোয়াডকপ্টার ড্রোন তাদের এলাকার ওপর দিয়ে নিচুতে উড়ছে। ড্রোনটির সঙ্গে ঝুলছে বিস্ফোরকভর্তি দুটি বড় বাক্স।
মিডল ইস্ট আইকে (এমইই) ইয়াসিন বলেন, ‘আমি দেখলাম ড্রোনটি আমাদের দিকে এগিয়ে আসছে। কোনো সতর্কতা ছাড়াই সেটি আমাদের বাড়ির ছাদে বিস্ফোরকভর্তি দুটি বাক্স ফেলে দিল। সন্তানদের জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি। যেকোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে ভেবে তাদের নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসি। সঙ্গে কিছুই নিতে পারিনি।’
এতে শুধু ইয়াসিনের পরিবার নয়, পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দারা দেখতে পান, একের পর এক ইসরাইলি ড্রোন বিভিন্ন বাড়ির ছাদে বিস্ফোরক ফেলছে। প্রাণ বাঁচাতে কয়েক ডজন পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। কিন্তু কোথায় আশ্রয় নেবে, সেই নিশ্চয়তাও ছিল না তাদের।
দূরে দাঁড়িয়ে বাসিন্দারা দেখছিলেন, ড্রোনগুলো একের পর এক বিস্ফোরকভর্তি বাক্স ফেলছে। কয়েক মিনিট পর বাড়ির ছাদে রাখা বিস্ফোরকগুলোতে বিস্ফোরণ ঘটতে শুরু করে।
৩৩ বছর বয়সী ইসমাইল মাদি বলেন, ড্রোনগুলো দেখার অভিজ্ঞতা ছিল হৃদয়বিদারক। এর আগে কয়েকবার বাস্তুচ্যুত হয়েছেন তারা। প্রতিবারই বাড়িতে ফিরে যাওয়ার আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু নিজের বাড়ির ওপর বিস্ফোরকবাহী ড্রোন দেখে মনে হয়েছে, বাড়ি ছেড়ে যাওয়ার সময় নিজের আত্মাটাকেও সেখানে ফেলে যাচ্ছেন।
আরেক বাসিন্দা আবদালজাওয়াদ বাদওয়ান বলেন, সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। প্রতিবার বিস্ফোরণের পর মনে হচ্ছিল, এবার হয়তো শেষ। কিন্তু ড্রোনগুলো আবার ফিরে আসছিল, সঙ্গে নিয়ে আসছিল আরও বিস্ফোরকভর্তি বাক্স।
একেকটি বাড়িতে ৬০টি পর্যন্ত বিস্ফোরক বাক্স
বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, প্রথম দফার বিস্ফোরণের উদ্দেশ্য ছিল বাড়ির ছাদে ফাটল ও গর্ত তৈরি করা। এরপর প্রায় চার মিটার বিস্তৃত বিশাল কোয়াডকপ্টার ড্রোনগুলো প্রতিটি বাড়ির ভেতরে প্রায় ৬০টি পর্যন্ত বিস্ফোরকভর্তি বাক্স ফেলতে থাকে। পরে সেগুলোতে বিস্ফোরণ ঘটিয়ে বাড়িগুলো ধ্বংস করা হয়। এতে আশপাশের বহু ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
১৩ই নভেম্বর রাত ১০টার মধ্যে ইসরাইলি হামলায় তিনটি বহুতল বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আরও কয়েক ডজন বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই এক রাতেই প্রায় ৩৩টি পরিবার ঘরবাড়ি হারায়।
রাস্তায় রাত কাটাচ্ছে পরিবারগুলো
বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় শীতের রাতে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হন ফিলিস্তিনিরা। ইয়াসিন বলেন, ‘আশ্রয় নেয়ার মতো কোথাও ছিল না। আমাদের ১৩ জনকে পুরো রাত ফুটপাতে কাটাতে হয়েছে। পরদিন আমি একটি অস্থায়ী তাঁবু তৈরি করি। এখনো সেখানেই থাকছি।’
বাদওয়ান জানান, আবর্জনার স্তূপ, ইঁদুর ও পোকামাকড়ের মধ্যে রাস্তায় রাত কাটাতে হয়েছে তাদের। তার দুই বছর বয়সী ছেলে আবদালসামাদ অসুস্থ হয়ে পড়েছিল। গভীর রাতে ব্যথানাশক ওষুধের জন্য প্রতিবেশীদের কাছে ঘুরতে হয়েছে তাকে।
পরদিন ভোরে পরিবারগুলো নিজেদের বাড়ির অবস্থা দেখতে ফিরে আসে। কিন্তু পরিচিত এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় অনেকেই তা চিনতে পারছিলেন না।
পরিবারগুলোকে উচ্ছেদের নতুন কৌশল?
গাজায় তথাকথিত যুদ্ধবিরতি চললেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এতে অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সামরিক শক্তি প্রয়োগ করে বাড়িঘর ধ্বংস এবং গাজার আরও বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ সম্প্রসারণ করছে ইসরাইল।
আল-জাইতুনের সাম্প্রতিক হামলাকে নতুন ধরনের সামরিক কৌশল হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। কারণ, এবার তথাকথিত হলুদ রেখার বাইরের জনবসতিপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহার করে বাড়ির ভেতরে বিস্ফোরকভর্তি বাক্স ফেলা হয়েছে। পরিবারগুলোর হাতে পালানোর জন্য খুব সামান্য সময় ছিল। চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখেছে নিজেদের বাড়িঘর।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত এক সপ্তাহে আল-মাগাজি, আল-মুসাদ্দার, খান ইউনিস ও আল-নুসেইরাতেও হলুদ রেখার বাইরের ফিলিস্তিনি বাড়িঘর ও সম্পত্তি ধ্বংস করতে বিস্ফোরকবাহী কোয়াডকপ্টার ড্রোনের ব্যবহার বাড়িয়েছে ইসরাইল।
হামলার মাত্রা ও ঘনত্ব বাড়তে থাকায় গাজার পরিবারগুলোর মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, অবশিষ্ট বাড়িঘর ধ্বংস এবং বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে এসব ড্রোন।
