আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলামের চূড়ান্ত তালিকায় নাম উঠেছে বাংলাদেশের ১০ জন ক্রিকেটারের। আগামী ১লা অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা নিলামে সর্বোচ্চ ৮০ হাজার ডলার ভিত্তিমূল্যের শীর্ষ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। নাহিদ ও রিশাদের জন্য টুর্নামেন্টটি নতুন হলেও, তাসকিন এর আগে শারজাহ ওয়ারিয়র্জের হয়ে খেলেছেন।
এদিকে, দ্বিতীয় সর্বোচ্চ ৪০ হাজার ডলারের ক্যাটাগরিতে রাখা হয়েছে সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে। আর ১০ হাজার ডলারের শেষ ক্যাটাগরিতে আছেন মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক ও তানজিম হাসান সাকিব। নিলামের বাইরে সরাসরি চুক্তিতে দুবাই ক্যাপিটালস ধরে রেখেছে মোস্তাফিজুর রহমানকে।
২৩টি দেশের চারশ’র বেশি তারকার অংশগ্রহণে এই নিলামের শীর্ষ ক্যাটাগরিতে আরও থাকছেন বাবর আজম, ফিল সল্ট ও ফাফ ডু প্লেসির মতো বিশ্বমঞ্চের নামকরা ক্রিকেটাররা। আগামী ২২শে নভেম্বর থেকে শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে মাঠের লড়াই।
