দলের নতুন নাম ও প্রতীক চেনাতে লোগো চালু করলেন মমতা

দলের নতুন নাম ও প্রতীক চেনাতে লোগো চালু করলেন মমতা

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গে সামনে একের পর এক নির্বাচন। ৬ অক্টোবরের উপনির্বাচনের পরে পুরসভার নির্বাচন ও স্থানীয় স্তরের নির্বাচন শুরু হবে। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিরোধের জেরে দু'পক্ষই নাম ও প্রতীক হারিয়েছে। যে ঘাসফুলের উপর জোড়াফুল গত ২৯ বছর থরে রাজ্যের রাজনীতির সঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের দলকে নিবিড়ভাবে একীভূত করেছিল, সেই প্রতীক এখন নির্বাচনের কমিশনের ভল্টে আটকে রয়েছে। বিরোধের মীমাংসা নিয়ে যতদিন কমিশন রায় না দিচ্ছে ততদিন নাম ও প্রতীক ফ্রিজড হয়ে থাকবে।
তবে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস ও ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসকে নির্বাচন কমিশন নতুন নাম ও প্রতীক দিয়েছে। মমতার দলের নতুন নাম হয়েছে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আর প্রতীক পেয়েছে ফুটবল পায়ে খেলোয়াড়। অন্যদিকে ঋতব্রতপন্থীরা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম পেয়েছে এবং প্রতীক পেয়েছে খাম।

উপনির্বাচনের আবহে দলের নতুন নাম ও প্রতীককে চেনানোর লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী একটি অস্থায়ী লোগো উন্মোচন করেছে, যাতে ফুটবল খেলছে এমন একটি অবয়ব রয়েছে। নীলের উপর সাদা রঙ দিয়ে লেখা হয়েছে দলের নাম। মাঝে দু'পাশে রয়েছে তেরঙ্গা তিনটি দাগ। দলনেত্রী দলের কর্মী ও নেতাদের এই নতুন নাম ও প্রতীক সকলকে চেনানোর জন্য ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে উভয় গোষ্ঠীই তাদের নতুন পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে এই নতুন পরিচয়ের প্রথম মুখোমুখি নির্বাচনী পরীক্ষাটি হবে রেজিনগরে, যেখানে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী উভয় গোষ্ঠীই নির্বাচনে লড়ছে।

নন্দীগ্রামের পরিস্থিতি অবশ্য ভিন্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সঞ্চিতা প্রধান দে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের সমর্থনে সরে দাঁড়িয়েছে। তবে এরপরেই ২০০৭ সালের নন্দীগ্রাম জমি অধিগ্রহণ আন্দোলনের ঘটনায় মিলন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনের আগের দিন পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে। তবে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

এদিকে, রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মিটতে না মিটতেই হবে রাজ্যসভার অন্তর্বর্তী নির্বাচন। তৃণমূলের সাবেক সাংসদ কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনের জন্য ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীর দিনে ওই আসনে অন্তর্বর্তী নির্বাচন হবে।