৫৩ বলে ডাবল সেঞ্চুরি করে বৈভব সূর্যবংশীর যত রেকর্ড

এশিয়া কাপ রাইজিং স্টার্স

৫৩ বলে ডাবল সেঞ্চুরি করে বৈভব সূর্যবংশীর যত রেকর্ড

ফন্ট সাইজ:

ক্রিকেট ইতিহাসে এমন ব্যাটিং তাণ্ডব আগে কখনো দেখেনি বিশ্ব! রাইজিং স্টার্স এশিয়া কাপের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের দেয়া ২৫০ রানের লক্ষ্যমাত্রা মাত্র ১৪ ওভার ২ বলে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ভারতীয় ‘এ’ দল। এই জয়ের মূল নায়ক তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী, যিনি এক ইনিংসে ভেঙ্গে দেন লিস্ট এ ক্রিকেটের একের পর এক বিশ্বরেকর্ড।


দোহায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত। দলের পক্ষে হারপ্রীত সিং ভাটিয়া ১৪৪ বলে ১৩০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। ভারতের হয়ে বল হাতে ৪ উইকেট  নেন আরশাদ খান। ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আমিরাতের বোলারদের ওপর স্টিমরোলার চালাতে শুরু করেন বৈভব সূর্যবংশী। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ৫০ ওভারের  ম্যাচ  রীতিমতো টি-টেনে পরিণত হয়। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২১৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত ‘এ’ দল। বৈভব সূর্যবংশী ৫৩ বলে ২০৪ রানে করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন রিঙ্কু সিং।


​এক ইনিংসে যত বিশ্বরেকর্ড:
দ্রুততম লিস্ট-এ ডাবল সেঞ্চুরি (৫২ বল): মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দ্বিশতকের বিশ্বরেকর্ড গড়েছেন বৈভব। এর আগে ২০২৪ সালে নিউজিল্যান্ডের চ্যাড বোস ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। আগের রেকর্ডের প্রায় অর্ধেক বল খেলেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি।


দ্রুততম লিস্ট-এ সেঞ্চুরি (২৮ বল): ইনিংসের শুরুতেই মাত্র ২৮ বলে সেঞ্চুরি তুলে নিয়ে অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের (২৯ বল, ২০২৩) বিশ্বরেকর্ড ভেঙে দেন বৈভব। একই সাথে ভারতীয়দের মধ্যে সাকিবুল গানির (৩২ বল) রেকর্ডটিও নিজের করে নেন এই তরুণ তুর্কি।


দ্রুততম লিস্ট-এ ১৫০ রান (৪০ বল): সেঞ্চুরির পর আরও ভয়ংকর হয়ে উঠে মাত্র ৪০ বলে ১৫০ রান পূর্ণ করেন বৈভব। এর আগে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের রেকর্ডটিও (৫৯ বল) ছিল তারই দখলে।
দলীয় দ্রুততম শতক ও রান তাড়া: ভারতীয় ‘এ’ দল মাত্র ৫ ওভারে (৩০ বলে) দলীয় ১০০ রান পূর্ণ করে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম দলীয় সেঞ্চুরির রেকর্ড গড়েছে।