আইসিসির ২০২৭-৩১ সফরসূচির আগে আলোচনায় জিম্বাবুয়ে

আইসিসির ২০২৭-৩১ সফরসূচির আগে আলোচনায় জিম্বাবুয়ে

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৭-৩১ মেয়াদের ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) চূড়ান্ত হতে যাচ্ছে আগামী বছরের জানুয়ারিতে। তবে নতুন সূচি তৈরির পথে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) জিম্বাবুয়ের অন্তর্ভুক্তি। দেশটির জোরালো আগ্রহের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের দলসংখ্যা বাড়ানো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ২০২৭-৩১ চক্রের টেস্ট সূচি আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি চূড়ান্ত করতে চায় আইসিসি। এরপর দ্বিপক্ষীয় সাদা বলের সিরিজগুলোর সূচি নির্ধারণ করা হবে। সবশেষে মার্চে আইসিসি বোর্ডের পরবর্তী ত্রৈমাসিক সভায় অনুমোদনের জন্য চূড়ান্ত খসড়া উপস্থাপন করা হবে।

সম্প্রতি বালিতে অনুষ্ঠিত আইসিসির ত্রৈমাসিক সভায় সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ডকে পরবর্তী চক্রের হোম ও অ্যাওয়ে সিরিজের পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে টেস্ট সিরিজের সংখ্যা ও ম্যাচের বিস্তারিত চূড়ান্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। এ জন্য আগামী ডিসেম্বরে আরেকটি কর্মশালার আয়োজন করবে আইসিসি।

বর্তমানে ১২টি পূর্ণ সদস্য দেশের মধ্যে নয়টি দল নিয়ে অনুষ্ঠিত হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২০১৯ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় নেই জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান। নতুন চক্রে ২০২৯ ও ২০৩১ সালে দুটি ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে জিম্বাবুয়ে এই কাঠামোয় জায়গা পেতে মরিয়া। আগামী চক্রের জন্য ইতিমধ্যে সাতটি টেস্ট সিরিজ নিশ্চিত করেছে দেশটি। এমনকি শুধু ২০২৯-৩১ চক্রের জন্য হলেও ডব্লিউটিসিতে অন্তর্ভুক্তির বিষয়ে আইসিসির সঙ্গে আগামী তিন সপ্তাহের মধ্যে আলোচনায় বসতে পারে তারা।

অন্যদিকে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের টেস্টে আগ্রহ তুলনামূলক কম। আর্থিক ব্যয়ের বিষয়টিও তাদের ভাবনায় রয়েছে। বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় টেস্ট আয়োজন নিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আপত্তির পেছনে তালেবান শাসনে নারীদের অধিকার পরিস্থিতি বড় কারণ।

২০২৩-২৭ এফটিপির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের মার্চে। নতুন সূচি চূড়ান্ত করতে বিলম্বের অন্যতম কারণ হয়ে উঠেছে ডব্লিউটিসির ভবিষ্যৎ কাঠামো নিয়ে এই টানাপোড়েন।