আর্সেনালের সামনে ডর্টমুন্ড, নজরে ‘নওয়ানেরি ডার্বি’

আর্সেনালের সামনে ডর্টমুন্ড, নজরে ‘নওয়ানেরি ডার্বি’

ফন্ট সাইজ:

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে আজ রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও বরুশিয়া ডর্টমুন্ড। দুই দলের লড়াই ঘিরে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছেন ইংলিশ তরুণ ফুটবলার ইথান নওয়ানেরি। আর্সেনালের একাডেমি থেকে উঠে আসা এই মিডফিল্ডার বর্তমানে ধারে খেলছেন ডর্টমুন্ডে। ফলে সাবেক ক্লাবের বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনাই ম্যাচটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। খেলা শুরু হবে রাত ২টায়।

আর্সেনালের হয়ে ৫১ ম্যাচে ১০ গোল করা নওয়ানেরি এখন ডর্টমুন্ডের জার্সিতে খেলছেন। চ্যাম্পিয়ন্স লীগের নিয়ম অনুযায়ী, ধারে খেলতে গেলেও মূল ক্লাবের বিপক্ষে মাঠে নামতে পারবেন তিনি। তবে চলতি মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় এখনো শুরুর একাদশে জায়গা পাননি নওয়ানেরি। তার সঙ্গে ডর্টমুন্ডের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ফাবিও সিলভা ও জুড বেলিংহ্যামের ভাই জোব বেলিংহ্যাম। বিশেষ করে গিরাসির সঙ্গে সিলভার জুটি প্রতিপক্ষের রক্ষণে বড় হুমকি হয়ে উঠতে পারে।

তবে পয়েন্ট টেবিল, সাম্প্রতিক পারফরম্যান্স ও ঘরের মাঠের পরিসংখ্যানে এগিয়ে থেকেই ম্যাচ শুরু করবে মিকেল আর্তেতার আর্সেনাল। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রয়েছে ইংলিশ ক্লাবটি। অন্যদিকে এক পয়েন্ট পিছিয়ে থাকা ডর্টমুন্ডের অবস্থান নবম স্থানে। শেষ ষোলোতে সরাসরি জায়গা নিশ্চিত করার লড়াইয়ে দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ।

চ্যাম্পিয়ন্স লীগে আর্সেনালের সাম্প্রতিক সাফল্য বেশ ঈর্ষণীয়। লীগ পর্ব ও আগের গ্রুপ পর্ব মিলিয়ে টানা ১৬ ম্যাচে অপরাজিত রয়েছে তারা। ইউরোপিয়ান মঞ্চে নিজেদের মাঠেও দুর্দান্ত দলটি। চলতি মৌসুমে এমিরেটস স্টেডিয়ামে খেলা ছয়টি ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে গানাররা। চ্যাম্পিয়ন্স লীগে ঘরের মাঠে টানা ১৩ জয়ের ইংলিশ রেকর্ড স্পর্শ করার হাতছানিও রয়েছে তাদের সামনে। পাশাপাশি এমিরেটসে ইউরোপিয়ান প্রতিযোগিতার সর্বশেষ ২২ ম্যাচের ২১টিতেই অন্তত দুটি করে গোল করেছে আর্সেনাল।

তবে সর্বশেষ ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ে কিছুটা ধাক্কা খেয়েছে দলটি। একপর্যায়ে পিছিয়ে পড়ার পর ননি মাদুয়েকের গোলে সমতায় ফেরে আর্সেনাল। এর আগে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও পয়েন্ট হারায় তারা। ফলে ইউরোপিয়ান অভিযানে ছন্দ ধরে রাখাই এখন আর্তেতার প্রধান লক্ষ্য।
অন্যদিকে ডর্টমুন্ডের সাম্প্রতিক সময়টা বেশ ইতিবাচক। কোচ নিকো কোভাচের দল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে অপরাজিত। এর মধ্যে ছয়টিতেই জয়ের দেখা পেয়েছে তারা। জার্মান বুন্ডেসলিগায় সর্বশেষ ম্যাচে বরুশিয়া মুনশেনগ্লাডবাখকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থানও দখল করেছে ডর্টমুন্ড। বায়ার্ন মিউনিখের পয়েন্ট হারানোর সুযোগ কাজে লাগিয়ে দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে দলটি।

চ্যাম্পিয়ন্স লীগেও ভিয়ারিয়াল, সাবাহ এফকে ও রিয়াল বেটিসকে হারিয়েছে তারা। তবে বোডো/গ্লিমটের কাছে ১-০ গোলের পরাজয় এখনো তাদের জন্য আক্ষেপের কারণ। এবারের আসরে চার ম্যাচে একটিও ক্লিন শিট রাখতে পারেনি ডর্টমুন্ড।
আর্সেনালের জন্য বড় দুশ্চিন্তার নাম গোলকিপার ডেভিড রায়া। নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। রায়ার শারীরিক অবস্থা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ফলে গোলবারের নিচে কেপা আরিজাবালাগার খেলার সম্ভাবনা প্রবল। এ ছাড়া চোটের কারণে অনিশ্চিত বুকায়ো সাকা ও মার্টিন জুবিমেন্ডি। তবে দলে ফেরার সম্ভাবনা রয়েছে বেন হোয়াইট, মাইলস লুইস-স্কেলি, পিয়েরো হিনকাপিয়ে ও ভিক্টর ইয়োকেরেসের।
ডর্টমুন্ডের সবচেয়ে বড় উদ্বেগ স্ট্রাইকার সেগু গিরাসিকে নিয়ে। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি। কার্নি চুকোয়েমেকার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে সামুয়েলে ইনাচিও, জাস্টিন লেরমা, ইয়ানিস কনস্তান্তেলিয়াস ও মুসা কাবা চোটের কারণে মাঠের বাইরে থাকবেন।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে আট ম্যাচে আর্সেনালের জয় চারটি, ডর্টমুন্ডের তিনটি। লন্ডনে চারবারের মুখোমুখিতে তিনবারই জিতেছে স্বাগতিকরা। সর্বশেষ প্রতিযোগিতামূলক লড়াইয়ে ২০১৪ সালের নভেম্বরে ২-০ গোলে জয় পায় আর্সেনাল। অপ্টার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতেও এগিয়ে স্বাগতিকরা। আর্সেনালের জয়ের সম্ভাবনা ৬৫.২ শতাংশ, ডর্টমুন্ডের ১৫.৮ শতাংশ। ড্রয়ের সম্ভাবনা ১৯ শতাংশ।