যুক্তরাষ্ট্রের ফুটবলে একের পর এক ইতিহাস গড়ে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। এবার মেজর লীগ সকারের (এমএলএস) ২০২৬ মৌসুমের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে পুরস্কারটি জিতে এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিজয়ী হওয়ার কীর্তি গড়েছেন তিনি।
এ স্বীকৃতির মধ্য দিয়ে ২০২১ সালে ১৮ বছর ৩১৩ দিন বয়সে পুরস্কারজয়ী রিকার্ডো পেপির রেকর্ড ভেঙেছেন সুলিভান। একই সঙ্গে ফিলাডেলফিয়ার ইতিহাসেও প্রথম খেলোয়াড় হিসেবে এই সম্মান অর্জন করেছেন তিনি। পুরস্কারের ভোটাভুটিতেও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন সুলিভান। ক্লাবের কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যমকর্মী ও পেশাদার খেলোয়াড়দের ভোটে বিজয়ী নির্ধারিত হয়।
বিভিন্ন প্রতিবেদনে তার প্রাপ্ত ভোটের হার ৬৫ শতাংশের কিছু বেশি বলে উল্লেখ করা হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল পেয়েছেন প্রায় ১১ শতাংশ ভোট। তৃতীয় হয়েছেন একই ক্লাবের আদি মেহমেতি।
মাঠের পারফরম্যান্সই মূলত সুলিভানকে এই স্বীকৃতি এনে দিয়েছে। নিজের প্রথম পূর্ণাঙ্গ এমএলএস মৌসুমে নিয়মিত লীগের ২৯ ম্যাচে করেছেন ৯ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪ গোল। অর্থাৎ এক মৌসুমে সরাসরি ২৩ গোলে অবদান রেখেছেন ১৭ বছর বয়সী এই ফুটবলার। এমএলএসের ইতিহাসে কিশোর খেলোয়াড়দের মধ্যে এক মৌসুমে এটিই সর্বোচ্চ গোল-অবদান।
এখানেই শেষ নয়। টানা ১০ ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করে কিশোর ফুটবলারদের মধ্যে দীর্ঘতম ধারাবাহিকতার রেকর্ড গড়েছেন তিনি। গত সেপ্টেম্বরে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে সবচেয়ে কম বয়সে এই স্বীকৃতি পাওয়ার নজিরও স্থাপন করেন সুলিভান।
ক্লাবের সাফল্যের পাশাপাশি জাতীয় দলেও নিজের অবস্থান শক্ত করছেন এ বাংলাদেশি বংশোদ্ভূত তারকা। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে প্রথমবার ডাক পান তিনি। পেরুর বিপক্ষে অভিষেক ম্যাচে শুরুর একাদশে জায়গা করে নিয়ে হন দেশটির দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ম্যাচ শুরু করা ফুটবলার। পরে মেক্সিকোর বিপক্ষে ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও নিজের করে নেন।
সুলিভানের সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের পারিবারিক শিকড়ও। তার নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলে খেলা রোনান ও ডেকলান সুলিভানের আপন ভাই তিনি। তাই যুক্তরাষ্ট্রের ফুটবলে সুলিভানের এই উত্থান শুধু তার ব্যক্তিগত অর্জনই নয়; বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছেও এটি বিশেষ গর্বের উপলক্ষ।
