শূকরের কিডনি নিয়ে এক বছর বাঁচলেন মার্কিন নারী

কিডনি প্রতিস্থাপনে মাইলফলক

শূকরের কিডনি নিয়ে এক বছর বাঁচলেন মার্কিন নারী

ফন্ট সাইজ:

জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি শরীরে প্রতিস্থাপন করে এক বছর পার করেছেন যুক্তরাষ্ট্রের ৫৮ বছর বয়সী নারী মলি ফ্যালকো। কোনো মানুষের শরীরে অন্য প্রজাতির কিডনি প্রতিস্থাপনের পর এত দীর্ঘ সময় বেঁচে থাকার ঘটনা এটিই প্রথম। তার এই সাফল্য চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বিশেষ করে বিশ্বজুড়ে দাতা কিডনির সংকট মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা ফ্যালকো ২০২৫ সালের নভেম্বরে বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে তার শরীরে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপন করান। এ ধরনের অস্ত্রোপচারে তিনি ছিলেন বিশ্বের চতুর্থ রোগী।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যালকোর এক বছর ধরে শূকরের কিডনি নিয়ে বেঁচে থাকার ঘটনা ভিন্ন প্রজাতির প্রাণীর অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপনের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ডব্লিউএমইউআরকে দেয়া সাক্ষাৎকারে ফ্যালকো বলেন, ‘পুরো বিষয়টি এখনো আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। এটি যেমন সম্মানের, তেমনি বিজ্ঞানের জন্যও অত্যন্ত চমৎকার ও রোমাঞ্চকর।’ চিকিৎসাবিজ্ঞানে বড় অগ্রগতি, তবে এখনো অনেক পথ বাকি মানবদেহের রোগ প্রতিরোধব্যবস্থা যাতে শূকরের কিডনিকে সহজে প্রত্যাখ্যান না করে, সে জন্য অস্ত্রোপচারের আগে কিডনিটির জিনগত পরিবর্তন করা হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, ফ্যালকোর শরীরে কিডনিটির এক বছর ধরে কার্যকর থাকা প্রমাণ করছে যে জিনগতভাবে পরিবর্তিত প্রাণীর অঙ্গ মানুষের শরীরে দীর্ঘ সময় কাজ করতে পারে। ভবিষ্যতে কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা হাজার হাজার রোগীর জন্য এটি আশার খবর।

ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ব্রিগ্যাম ট্রান্সপ্লান্ট সেন্টারের কিডনি প্রতিস্থাপন গবেষণা বিভাগের পরিচালক ড. লিওনার্দো রিয়েলা বলেন, ‘এটি আমাদের মধ্যে প্রবল আত্মবিশ্বাস তৈরি করছে যে এই পদ্ধতি বাস্তবে কার্যকর হতে পারে এবং এসব কিডনি কাজ করতে সক্ষম।’ তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘এখনই বিজয়োল্লাস করার সময় আসেনি।’

ফ্যালকোর শরীরে প্রতিস্থাপিত কিডনিটি শুধু রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করা এবং মূত্র উৎপাদনই করছে না, শরীরে তরল ও খনিজ পদার্থের ভারসাম্য রক্ষাসহ মানব কিডনির অন্যান্য গুরুত্বপূর্ণ কাজও করছে।
চিকিৎসকদের আশা, ফ্যালকো এই কিডনি নিয়ে আরও অন্তত এক বছর সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন।

আগের রোগীদের তুলনায় ফ্যালকোর সাফল্য

২০২৪ সালে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ব্রিগ্যাম ট্রান্সপ্লান্ট সেন্টার বিশ্বে প্রথমবারের মতো মানুষের শরীরে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপন করে। চিকিৎসাবিজ্ঞানে এ পদ্ধতিকে বলা হয় ‘জেনোট্রান্সপ্লান্টেশন’। অর্থাৎ এক প্রজাতির প্রাণী থেকে অন্য প্রজাতির প্রাণীর শরীরে অঙ্গ প্রতিস্থাপন।
ডব্লিউসিভিবির তথ্য অনুযায়ী, প্রথম রোগী রিক স্লেম্যান অস্ত্রোপচারের পর ৫২ দিন বেঁচে ছিলেন। পরে হৃদ্রোগজনিত অন্য একটি জটিলতায় তার মৃত্যু হয়।
২০২৫ সালে দ্বিতীয় রোগী হিসেবে টিম অ্যান্ড্রুজের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়। তার শরীরে কিডনিটি ২৭১ দিন কার্যকর ছিল। পরে চিকিৎসকেরা সেটি সরিয়ে একজন মৃত মানবদাতার কিডনি প্রতিস্থাপন করেন।
এই পরীক্ষামূলক চিকিৎসার চতুর্থ রোগী ছিলেন মলি ফ্যালকো। জন্মগত শারীরিক জটিলতার কারণে তার কিডনি ধীরে ধীরে বিকল হতে শুরু করে। পঞ্চাশের কোঠায় পৌঁছানোর পর পরিস্থিতির অবনতি হলে তাকে টানা এক বছর ডায়ালাইসিস নিতে হয়।

ফ্যালকো বলেন, ‘ডায়ালাইসিস শুরু করার পর আমার একমাত্র চাওয়া ছিল যত দ্রুত সম্ভব এই চিকিৎসা থেকে মুক্তি পাওয়া।’

শূকরের কিডনি প্রতিস্থাপনের প্রস্তাব তার সামনে নতুন সম্ভাবনা তৈরি করে। তিনি জানান, এ সুযোগ গ্রহণ করতে তার কোনো দ্বিধা ছিল না।
তার ভাষায়, ‘সত্যি বলতে, আমি যেকোনো কিছু চেষ্টা করতে প্রস্তুত ছিলাম। আমার মধ্যে কোনো ভয়, উদ্বেগ কিংবা অনুশোচনা ছিল না। চিকিৎসক তার প্রশ্ন শেষ করার আগেই কার্যত আমি সম্মতি দিয়ে দিয়েছিলাম।’ 

ডায়ালাইসিসমুক্ত জীবন, ফিরছে স্বাভাবিক কাজের সক্ষমতা

প্রতিস্থাপনের এক বছর পর এখন ডায়ালাইসিস ছাড়াই জীবন কাটাচ্ছেন ফ্যালকো। যদিও আগের তুলনায় দ্রুত ক্লান্ত হয়ে পড়েন, তবু পরিবারের জন্য রান্না করা কিংবা পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার মতো শারীরিক সক্ষমতা ফিরে পেয়েছেন।
তিনি বলেন, ‘কিডনিটি এখনো কাজ করছে, এটা ভেবে প্রতিদিনই আমি অবাক হই। যত দিন সম্ভব এটিকে সচল রাখার চেষ্টা করব। আর যদি এটি সারাজীবন কাজ করে, তাহলে সেটি হবে অবিশ্বাস্য ঘটনা।’

চিকিৎসাবিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই মানবদেহে প্রাণীর অঙ্গ প্রতিস্থাপনের সম্ভাবনা নিয়ে গবেষণা করছেন। বিশ্বজুড়ে কিডনি বিকল রোগীর সংখ্যা বাড়লেও প্রয়োজনের তুলনায় মানবদাতার কিডনি অপ্রতুল। সে ক্ষেত্রে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি ভবিষ্যতে বিকল্প উৎস হয়ে উঠতে পারে।
তবে এ পদ্ধতির দীর্ঘমেয়াদি কার্যকারিতা, নিরাপত্তা এবং সম্ভাব্য জটিলতা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। মলি ফ্যালকোর এক বছর পার করার ঘটনা সেই গবেষণায় নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।