৩ অক্টোবর শুরু জাতীয় লীগ

ফিরছে কুকাবুরা বল

৩ অক্টোবর শুরু জাতীয় লীগ

ফন্ট সাইজ:

দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের সংস্করণ দিয়ে। আগামী ৩রা অক্টোবর একযোগে চারটি ভেন্যুতে মাঠে গড়াবে প্রথম একাদশের আটটি দলের খেলা। সংবাদ বিজ্ঞপ্তিতে ২৮তম জাতীয় লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আটটি বিভাগীয় দল নিয়ে আয়োজিত এই প্রথম শ্রেণির টুর্নামেন্ট চলবে প্রায় সাত সপ্তাহ ধরে, শেষ হবে আগামী ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে। টুর্নামেন্ট শুরুর আগে আজ এক বিশেষ অনুষ্ঠানে আট দলের অধিনায়কের হাতে তুলে দেয়া হবে ব্যাগি ক্যাপ, যা প্রদান করবেন স্ব-স্ব বিভাগের হয়ে জাতীয় লিগে খেলা সাবেক ক্রিকেটাররা।

উদ্বোধনী দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ও ঢাকা। একই দিনে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে লড়বে খুলনা-বরিশাল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট-ময়মনসিংহ এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী।

এক স্তরে আয়োজিত এই লিগে প্রতিটি দল অন্য প্রতিটি দলের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ, অর্থাৎ প্রতিটি দল মোট সাতটি ম্যাচ খেলার সুযোগ পাবে। শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল জিতে নেবে জাতীয় লিগের শিরোপা।

উল্লেখযোগ্য একটি পরিবর্তনও আসছে এবারের আসরে। গত কয়েক মৌসুম ডিউক বলে খেলা হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এবার আবার কুকাবুরা বলেই মাঠে গড়াবে জাতীয় লিগ।

মিরপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনা ছাড়াও এবারের আসরের ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও কক্সবাজার একাডেমি মাঠে। এর মধ্যে সবচেয়ে বেশি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে।