মানবপাচার: ৩ বাংলাদেশিকে উদ্ধার করল মালয়েশিয়া পুলিশ

মানবপাচার: ৩ বাংলাদেশিকে উদ্ধার করল মালয়েশিয়া পুলিশ

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার তেরেংগানু রাজ্যের হুলু তেরেংগানু এলাকায় একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে বাংলাদেশি ৩ জনকে উদ্ধার করেছে পুলিশ। রোববার ‘অপ পিন্টাস’ নামের অভিযানের সময় তাদের উদ্ধার করা হয়। হুলু তেরেংগানু জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট শরুদ্দিন আবদুল ওয়াহাব জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তেরেংগানু পুলিশ কন্টিনজেন্ট সদর দপ্তরের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ডি৭ ইউনিট, হুলু তেরেংগানু জেলা পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বারনামা।

এতে বলা হয়, আবদুল ওয়াহাব বলেন, অভিযানের সময় ৪৬ বছর বয়সী এক স্থানীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি ২৯ থেকে ৪৪ বছর বয়সী ওই তিন বাংলাদেশির নিয়োগকর্তা বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে তিনি বলেন, পুলিশ তিনজন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে। তাদের জোরপূর্বক শ্রমের শিকার বলে মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা নির্মাণশ্রমিক হিসেবে অনিয়মিত কর্মঘণ্টায় কাজ করতেন এবং গত পাঁচ মাস ধরে কোনো বেতন পাননি। এর ফলে তারা খাবারের জন্য তাসিক কেনিয়ির আশপাশের এলাকায় মাছ ধরা ও বনজ সম্পদ সংগ্রহ করতে বাধ্য হন।

তিনি আরও জানান, তদন্তে দেখা গেছে অভিযুক্ত ব্যক্তি শ্রমিকদের জন্য উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করেননি। পাশাপাশি তিনি ভুক্তভোগীদের পাসপোর্ট ও কাজের অনুমতিপত্র জব্দ করে নিজের কাছে রেখে দেন। তিনি বলেন, অন্তর্বর্তী সুরক্ষা আদেশ আবেদনের প্রক্রিয়া শেষ হলে ভুক্তভোগীদের চিকিৎসা পরীক্ষার জন্য পাঠানো হবে। তিনি বলেন, এই মামলাটি মানবপাচার ও অভিবাসী পাচারবিরোধী আইন ২০০৭ (অ্যাটিপসম)-এর ৪৪ ও ১২ ধারায় তদন্ত করা হচ্ছে। পুলিশ মানবপাচার অপরাধকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। এ বিষয়ে যাদের কাছে কোনো তথ্য রয়েছে, তাদের তদন্তে সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে বলে জানান তিনি।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন