ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানেই এক সময় পার্কে ঘুরতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হন তিনি। ওই ঘটনার পর আজ সকালে দেশে ফিরেছেন অভিনেত্রী। ফিরে বাঁধন জানান, জুলাই যোদ্ধারা নয় বরং এই হামলার মধ্য দিয়ে হামলাকারীরাই অনিরাপদ হয়ে যাচ্ছে। গত মঙ্গলবার ইতালির মেস্ত্রে শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী কর্মী পরিচয় দিয়ে কয়েক জিব ব্যক্তি বাঁধনকে শারীরিকভাবে হেনস্তা করে। জুলাই জঙ্গি আখ্যা দিয়ে বার বার আঘাত করতে থাকে। ওই ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে হয় আলোচনা। বাঁধনের ওপর হামলাকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এদিকে আজ দেশে ফিরেই অভিনেত্রী জানান, জুলাই যোদ্ধারা নয় বরং এই হামলার মধ্য দিয়ে হামলাকারীরাই অনিরাপদ হয়ে যাচ্ছে।
তিনি বলেন, এ ঘটনায় বিদেশের মাটিতে বাংলাদেশের নাম ক্ষুণ্ন হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, দলকানা না হয়ে পরিবারের কথা ভাবুন। কারণ কষ্ট করে আপনারা পরিবারের জন্যই কাজ করছেন। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ইতালিতে মামলা করেন বলে জানান তিনি। পাশাপাশি দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ইতালি সরকারের সহযোগিতার কথাও জানান এই অভিনেত্রী।
