সুখবর দিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি। ৪১ বছর বয়সে নিজের দ্বিতীয় সন্তান আগমনের এই খবর দিয়েছেন তিনি। তবে এবারই প্রথম ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে সন্তানের মা হতে চলেছেন এই অভিনেত্রী। কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ অংশ নেয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন মাহিরা। সাদা রংয়ের ঢিলেঢালা গাউন পরা ছবিতে এক হাতে পেট ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।
সাজসজ্জাতেও ছিল সাদামাটা ভাব। ছবির সঙ্গে মাহিরা লেখেন, মানুষ পরিকল্পনা করে, তবে শেষ পর্যন্ত আল্লাহ্র পরিকল্পনাই কার্যকর হয়। তার এই সংক্ষিপ্ত ঘোষণার পরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন বার্তায় ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। এবারের টরন্টো চলচ্চিত্র উৎসবে মাহিরার ব্যস্ততা ছিল বেশ উল্লেখযোগ্য। উৎসবের বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়ার পাশাপাশি সিনেমায় অবদানের জন্য সম্মাননাও পেয়েছেন তিনি। মাহিরার প্রথম সন্তান ছেলে আজলান। সাবেক স্বামী আলি আসকারির সঙ্গে তার এই সন্তান।
২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন অভিনেত্রী। ২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাহিরার। এরপর ‘বিন রয়ে’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। টেলিভিশনে ‘হামসফর’ ‘ শেহর-ই-জাত’ ও ‘সাদকায়ে তোমারে’র মতো নাটকেও দেখা গেছে তাকে।
