তিন সিনেমা নিয়ে ববি

তিন সিনেমা নিয়ে ববি

ফন্ট সাইজ:

গত কয়েক বছরে সিনেমায় অভিনয় আগের থেকে কমিয়ে দিয়েছেন চিত্রনায়িকা ববি। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে বুঝেশুনে কম সিনেমায় কাজ করেছেন এ নায়িকা। তবে এরইমধ্যে তিন সিনেমায় কাজ করা হয়ে গেছে তার। মুক্তির অপেক্ষায় রয়েছে তার এই ছবিগুলো। সম্প্রতি মিনহাজ কিবরিয়া পরিচালিত ‘বেঈমান’ সিনেমায় কাজ করেছেন ববি। যুক্তরাজ্যের লন্ডনে এর শুটিং শেষ হয়েছে। এখন মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি। এতে ববির বিপরীতে অভিনয় করেছেন- আমান রেজা ও আজাদ খান।

সিনেমাটি প্রসঙ্গে ববি বলেন, ‘বেঈমান’ সিনেমার গল্প চমৎকার। তাতে আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। লন্ডনে শুটিংয়ের সময় পুরো টিম অনেক আন্তরিকতা নিয়ে কাজটি করেছে। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে এবং দীর্ঘ বিরতির পর আমাকে নতুনভাবে পর্দায় দেখতে পাবেন তারা। মুক্তির অপেক্ষায় থাকা ‘বেঈমান’র পাশাপাশি আরও একাধিক সিনেমায় কাজ করছেন এই চিত্রনায়িকা। সম্প্রতি ঢাকায় এ কে নিলয় পরিচালিত ‘বউ’ সিনেমার একটি গানের দৃশ্যের শুটিংয়ে অংশ নেন ববি। সিনেমাটির গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

এতে ববির নায়ক ডি এ তায়েব। এ ছাড়া, অনিক বিশ্বাস পরিচালিত ‘ইব্রাহীম’ সিনেমাতেও অভিনয় করছেন ববি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন নিরব হোসেন। নতুন তিন সিনেমা নিয়ে ববি বলেন, তিনটি সিনেমা তিন রকম গল্প নিয়ে। আমার চরিত্রও একেবারে আলাদা। দর্শকরা আমাকে যেভাবে চান সেভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি। আশা করি, সিনেমাগুলো দর্শকদের ভালো লাগবে।