ফিলিপাইনের মুসলিম অঞ্চলে প্রথম নির্বাচন অনুষ্ঠিত

ফিলিপাইনের মুসলিম অঞ্চলে প্রথম নির্বাচন অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

দক্ষিণ ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চলে সোমবার প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কয়েক দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার অবসান ঘটিয়ে স্বশাসন প্রতিষ্ঠার পথে এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খ্রিষ্টানপ্রধান এই দেশের দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন চলা বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বন্ধের লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
২০১৪ সালের একটি শান্তি চুক্তির মাধ্যমে মুসলিম মিন্দানাওয়ের বাংসামোরা স্বায়ত্তশাসিত অঞ্চলটি গঠিত হয়েছিল। ওই চুক্তির আওতায় দেশটির বৃহত্তম মুসলিম বিদ্রোহী গোষ্ঠী পৃথক রাষ্ট্রের দাবি ত্যাগ করে বৃহত্তর স্বায়ত্তশাসন মেনে নেয়। একই সঙ্গে তাদের প্রায় ৪০ হাজার যোদ্ধা অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে।

এদিকে ভোটগ্রহণের ঠিক আগে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান এরউইন গার্সিয়া জানান, রোববার রাতে গোলাগুলিতে তিনজন নিহত এবং ১৫ জন আহত হওয়ার পর কোটাবাটো শহরকে কমিশনের সরাসরি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। সেখানে প্রশাসন পরিচালনার জন্য একজন প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। একই শহরে একটি বোমার বিস্ফোরণ ঘটে এবং আলাদা একটি গুলিবর্ষণের ঘটনাও রেকর্ড করা হয়।

জালিয়াতির কারণে বাসিলান প্রদেশের মালুসো শহরটিকেও কমিশন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সেখানকার ৬৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬টিতে আগেই সিল মারা ব্যালট পেপার উদ্ধার করা হয়। কমিশন দ্রুত সেসব ব্যালট বাতিল করে নতুন ব্যালট ছাপানোর নির্দেশ দিয়েছে। ফলে ওই কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ কিছুটা পেছানো হয়। উল্লেখ্য, ১৯৭০ সাল থেকে দক্ষিণ ফিলিপাইনে চলা সংঘাতে প্রায় দেড় লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।