চট্টগ্রামে বিদেশিদের ‘স্ক্যামিং আস্তানায়’ পুলিশের অভিযান, আটক ৬২

চট্টগ্রামে বিদেশিদের ‘স্ক্যামিং আস্তানায়’ পুলিশের অভিযান, আটক ৬২

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের একটি ভবনে অভিযান চালিয়ে চীনা, পাকিস্তানি ও লাওসের নাগরিকসহ ৬২ জন বিদেশিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নগরীর খুলশী থানাধীন জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চলে। পরে আটক ব্যক্তিদের খুলশী থানায় নেওয়া হয়। তাদের কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের পরিচয় ও বাংলাদেশে অবস্থানের উদ্দেশ্য যাচাই করা হচ্ছে।
জব্দ করা ডিভাইসের মধ্যে ৬৮টি ল্যাপটপ ও ৬৫টি মুঠোফোন রয়েছে। বাকি ডিভাইসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম রয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও থানা-পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে বিভিন্ন দেশের ৬২ জন বিদেশিকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘তাদের কাছ থেকে মোবাইল-ল্যাপটপসহ মোট ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে। এসব ডিভাইসে থাকা তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।’
ওসি আবদুর রহিম আরও বলেন, বিষয়টি যাচাই করতে ঢাকাসহ সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞদের একটি দল চট্টগ্রামে আসছে। তাদের সহায়তায় জব্দ করা ডিভাইসের তথ্য বিশ্লেষণ করা হবে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে অনলাইনভিত্তিক প্রতারণার অভিযোগে ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে পাঁচজন চীনের ও একজন তাইওয়ানের নাগরিক ছিলেন। ওই অভিযানে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপসহ বিপুল পরিমাণ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল।