কাটেনি তেলের সংকট, বেড়েছে আটা-ময়দার দাম

কাটেনি তেলের সংকট, বেড়েছে আটা-ময়দার দাম

ফন্ট সাইজ:

দাম বাড়ানোর পরও রাজধানীর বাজারে স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। অর্ডার দিয়েও কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন মুদি দোকানিরা। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকা নির্ধারণ করা হলেও অনেক দোকানে পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না। শুক্রবার বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে এমন তথ্য।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার বিশ্লেষণের তথ্য অনুযায়ী, বাজারে প্রতি কেজি খোলা আটার দাম এখন ৪৮ থেকে ৫০ টাকা। এক মাস আগেও পণ্যটির সর্বনিম্ন দাম ছিল ৪৫ টাকা। এক মাসের ব্যবধানে আটার দাম বেড়েছে ৩ দশমিক ১৬ শতাংশ।

এছাড়া বাজারে খোলা ময়দা ও প্যাকেটজাত ময়দার দামও বেড়েছে। আগে প্রতি কেজি খোলা ময়দা ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হলেও এখন তা ৬৫ থেকে ৭০ টাকা। প্যাকেটজাত ময়দা প্রতি কেজি এখন ৭৫ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এক মাস আগেও এর দাম ছিল ৬৫ থেকে ৭৫ টাকা।

অন্যদিকে ডজনপ্রতি ফার্মের ডিম ১৫০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজি ও মাছের দামও রয়েছে বাড়তি। ফলে তেল, আটা-ময়দা, ডিম-মুরগি ও অন্যান্য নিত্যপণ্যের বাড়তি দামে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর জীবনযাত্রার ব্যয় আরও বাড়ছে।