‘আজ আমার যে অনুভূতি হয়েছে, এমন অনুভূতি আমার অনেক দিন হয়নি।’ চ্যাম্পিয়ন্স লীগে বোডো/গ্লিমটের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ের পর কথাগুলো বলছিলেন বায়ার্ন মিউনিখ তারকা জামাল মুসিয়ালা। গুরুতর চোট এবং স্নায়বিক জটিলতা কাটিয়ে মাঠে ফিরে নিজের প্রথম গোল পাওয়ার পর এমন স্বীকারোক্তি দেন এ জার্মান মিডফিল্ডার।
ম্যাচের শুরু থেকেই কঠিন প্রতিরোধ গড়ে তোলে নরওয়ের ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধের ঠিক দুই মিনিটের মাথায় হ্যারি কেইনের পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে ডেডলক ভাঙেন মুসিয়ালা। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া এবং স্নায়বিক সমস্যার কারণে মাঠের বাইরে থাকার পর এই গোল তার ক্যারিয়ারে যেন দ্বিগুণ স্বস্তি এনে দিল। ম্যাচে মুসিয়ালা বদলি হিসেবে উঠে যাওয়ার পর মিডল পজিশনে জায়গা পেয়ে জোড়া গোল করেন মাইকেল ওলিসে। তবে সব আলো কেড়ে নেন মুসিয়ালা নিজেই।
ম্যাচ শেষে মুসিয়ালা তার অনুভূতির কথা জানিয়ে বলেন, ‘মাঠে সেই হালকা অনুভূতি, আনন্দ এবং মজা নিয়ে আমি এখন ধাপে ধাপে আমার আগের ছন্দে ফিরতে চাই।’ এ সময় বায়ার্ন ক্লাব, সতীর্থ এবং কোচিং স্টাফদের অকুন্ঠ সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
কোচ ভিনসেন্ট কোম্পানি তার শিষ্যের এই জাদুকরী প্রত্যাবর্তন নিয়ে বলেন, ‘আমরা জানতাম এমন একটি দিন আসবে। শীর্ষ স্তরের খেলোয়াড়দের ছন্দ ফিরে পাওয়ার জন্য আত্মবিশ্বাস এবং এমন মুহূর্তগুলোর ভীষণ প্রয়োজন।’
অন্যান্য ম্যাচে ঘরের মাঠে আরবি লাইপজিগকে ৪-১ গোলে হারায় কোমো। স্লাভিয়া প্রাহার মাঠে পিছিয়ে পরেও দারুণ এক প্রত্যাবর্তনে ৩-২ গোলের জয় তুলে নেয় লান্স। ফেনারবাচে ও রোমা এবং পিএসভি ও শাখতার দোনেৎস্কের মধ্যকার দুটি ম্যাচেরই ফলাফল ১-১।
