প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে নিজেকে জোরালোভাবে উপস্থাপন করেছেন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ডালাসে অনুষ্ঠিত রিপাবলিকান দলের মিডটার্ম বা মধ্যবর্তী সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি নিজের এই অবস্থান জানান দেন। বৃহস্পতিবার সমাপনী দিনের ভাষণে তিনি ডেমোক্রেটদের তীব্র সমালোচনা করেন এবং মেক্সিকান পতাকা ওড়ানো এক বিক্ষোভকারীকে আক্রমণাত্মক ভাষায় জবাব দিয়ে দর্শকদের প্রশংসা কুড়ান। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
ভ্যান্স মঞ্চে ওঠার সময় দর্শকরা ‘জেডি, জেডি’ স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। অনেকেই তাকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে দেখার স্লোগান দেন। জবাবে ভ্যান্স বলেন, আমাদের আপাতত নভেম্বরের নির্বাচন নিয়ে কাজ করতে হবে, তারপর পরেরটা নিয়ে ভাবা যাবে। ভাষণে তিনি ট্রাম্পকে ‘মার্কিন রাজনীতির সবচেয়ে কঠোর ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করে বসের প্রতি নিজের আনুগত্য প্রমাণ করেন।
ভাষণের একপর্যায়ে মেক্সিকোর পতাকা হাতে এক বিক্ষোভকারী বাধা দিলে ভ্যান্স বলেন, বন্ধু, তুমি যদি মেক্সিকোকে এতই ভালোবাসো, তবে সেখানে চলে যাও। আমি তোমার বিমানের টিকিট কিনে দেব। তার এই মন্তব্যে সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। ডেমোক্রেটদের ‘উন্মাদ’ ও ‘কট্টরপন্থি’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, তারা পুলিশি ব্যবস্থা বাতিল করতে চায় এবং আমেরিকার সীমানা মুছে ফেলতে চায়।
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান এড়াতে ভ্যান্স সরাসরি এ বিষয়ে কোনো কথা বলেননি। তবে গত বছর নিহত কট্টর ডানপন্থি অধিকারকর্মী চার্লি কার্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ভোটারদের নীতিগত পার্থক্যের কারণে দলকে ত্যাগ না করার আহ্বান জানান। সম্মেলনে ভ্যান্স ছাড়াও রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং টেক্সাসের সিনেটর টেড ক্রুজ বক্তব্য রাখেন।
