নকল রোধে ব্যাপক কড়াকড়ি দক্ষিণ কোরিয়ায়

নকল রোধে ব্যাপক কড়াকড়ি দক্ষিণ কোরিয়ায়

ফন্ট সাইজ:

আট ঘণ্টার পরীক্ষা, ২৫ মিনিট বন্ধ থাকে বিমান ওঠানামা, দেশের সব ফোনে বেজে ওঠে জরুরি সতর্কবার্তা
মানবজমিন ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় প্রতি বছর আট ঘণ্টাব্যাপী ‘সুনুং’ পরীক্ষা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও ভবিষ্যৎ নির্ধারণ করে। এ বছর প্রায় ৫ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। পরীক্ষাটি নির্বিঘ্ন করতে দেশটিতে ব্যাপক ব্যবস্থা নেয়া হয়। ইংরেজি লিসেনিং পরীক্ষার ২৫ মিনিট বিমান ওঠানামা স্থগিত থাকে, সামরিক মহড়া বন্ধ রাখা হয় এবং শেয়ারবাজার এক ঘণ্টা দেরিতে খোলে।

এ বছরের নকল কেলেঙ্কারি ফাঁসের পর স্মার্ট ডিভাইস নিষিদ্ধ করার পাশাপাশি গোপন ক্যামেরার খোঁজে পরীক্ষার্থীদের চশমা, ঘড়ি, জামার কলার, হাতা ও বোতাম তল্লাশি করা হয়। এছাড়া লুকানো ফোন শনাক্ত করতে সারা দেশের সব ফোনে সর্বোচ্চ শব্দে জরুরি সতর্কবার্তা পাঠায় সরকার। কর্মকর্তারা জানান, বৃহস্পতিবারের পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস সংক্রান্ত ১১১টি অসদুপায়ের ঘটনা ধরা পড়েছে, যার প্রায় অর্ধেকই ওই জরুরি সতর্কবার্তার মাধ্যমে শনাক্ত হয়।

সূত্র: গার্ডিয়ান