তিন বছর ধরে চলা যুদ্ধের পর গাজার শিশুদের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। ফিলিস্তিনি কর্মকর্তা ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এ সময়ে হাজার হাজার শিশু নিহত ও আহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবনধারণের ন্যূনতম প্রয়োজনীয়তা থেকেও বঞ্চিত হচ্ছে অসংখ্য শিশু। বৃহস্পতিবার শিশু অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন সংঘাতকবলিত শিশুদের নিয়ে তাদের বার্ষিক বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করে। এতে গাজাকে বিশ্বের শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে শিশুদের বিরুদ্ধে নথিভুক্ত হওয়া কয়েক হাজার হামলা ও অধিকার লঙ্ঘনের প্রায় এক-তৃতীয়াংশই ঘটেছে ফিলিস্তিনি ভূখণ্ডে। এ সময় প্রায় ১২ হাজার ৫০০টি অধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্কুল ও হাসপাতালে হামলা এবং মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেয়ার ঘটনা। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রতি চারটি শিশুর একজন সংঘাতপূর্ণ এলাকায় বসবাস করেছে। এ সংখ্যা প্রায় ৫৮ কোটি ৯০ লাখ। ১৯৯০ সালে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর থেকে সংঘাতপূর্ণ এলাকায় বসবাসকারী শিশুর সংখ্যা এত বেশি আর কখনো হয়নি। এসব শিশুর অধিকাংশই মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বসবাস করে।
ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত, মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা এবং লেবানন ও ইয়েমেনে নতুন করে লড়াই শুরুর প্রেক্ষাপটে ২০২৬ সালে এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল সামরিক অভিযান শুরু করার পর থেকে অন্তত ২০ হাজার শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার। তাদের অনেকেই এমন শারীরিক প্রতিবন্ধকতা ও জটিলতায় আক্রান্ত হয়েছে, যার প্রভাব সারা জীবন বয়ে বেড়াতে হবে। যুদ্ধের মানসিক ও শারীরিক ক্ষত ফিলিস্তিনি শিশুদের বহু বছর ধরে বয়ে বেড়াতে হবে বলে এপি’কে জানিয়েছেন সেভ দ্য চিলড্রেনের আঞ্চলিক পরিচালক আহমাদ আলহেন্দাউই। তিনি বলেন, অনেক শিশু নিজেরা প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছে এবং তাদের মা-বাবার কেউই বেঁচে নেই। শিশুদের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে তিনি এ বিষয়ে আন্তর্জাতিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
প্রতিবেদনটিতে ২০২৫ সালের ঘটনাগুলো পর্যালোচনা করা হলেও আলহেন্দাউই বলেন, চলতি বছর পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে। ২০২৫ সালের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলের দাবি, তাদের অভিযান হামাসের সদস্যদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে এবং সংগঠনটির কথিত যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতেই এসব হামলা চালানো হচ্ছে। ইসরাইলের সামরিক অভিযান গাজাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। উপত্যকাটির অধিকাংশ মানুষ এখন মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। বহু পরিবারকে গাদাগাদি করে তাঁবুর শিবিরে কিংবা ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিতে হয়েছে। খাবার, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও চিকিৎসাসেবার সুযোগ এখনো মারাত্মকভাবে সীমিত। বাস্তুচ্যুত ৬৫ বছর বয়সী ফিলিস্তিনি রিয়াদ আবু শামেল বলেন, গাজার শিশুরা জীবনের ন্যূনতম সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত।
খান ইউনিসে ধ্বংসস্তূপ ও বিধ্বস্ত ভবনের মধ্যে শিশুদের খেলতে দেখেছেন তিনি। সেখানে পরিবারগুলোর জন্য সামান্য খাবার জোগাড় করাও কতটা কঠিন, তা তুলে ধরেন আবু শামেল। তিনি বলেন, তারা বাজারে যায়, কিন্তু ফিরে আসার সময় আধা শসা কিংবা আধা আপেলও ঠিকমতো আনতে পারে না। প্রতিবেদনটির বিষয়ে মন্তব্য জানতে ইসরাইলের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। গাজার বাইরে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, নাইজেরিয়া, সুদান ও সোমালিয়াসহ বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় শিশু অপহরণ, যৌন সহিংসতা এবং সশস্ত্র গোষ্ঠীতে শিশু নিয়োগের ঘটনা বৃদ্ধির তথ্যও তুলে ধরেছে সেভ দ্য চিলড্রেন। ইউক্রেনে হাসপাতালের ওপর হামলার ঘটনাও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতিসংঘের তথ্য এবং পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো পরিচালিত গবেষণার ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
বিশ্বের কাছে গাজার শিশুদের আকুতি: এদিকে বিশ্ব শিশু দিবস সামনে রেখে বৃহস্পতিবার গাজা সিটির তুর্কি স্কুলে কয়েক শ বাস্তুচ্যুত ফিলিস্তিনি শিশু সমবেত হয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তার অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানায় তারা। কাছাকাছি তাঁবুতে আশ্রয় নেয়া পরিবারগুলোর শিশুরা এ আয়োজনে অংশ নেয়। যুদ্ধের কারণে তাদের মানবিক, মানসিক ও শিক্ষাজীবনে যে বিপর্যয় নেমে এসেছে, তা তুলে ধরাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য। স্কুলের আঙিনা সাজানো হয় ফিলিস্তিন ও তুরস্কের পতাকা এবং তুর্কি মানবিক সহায়তা ফাউন্ডেশনের (আইএইচএইচ) ব্যানারে। শিশুদের অনেকের পরনে ছিল ঐতিহ্যবাহী ফিলিস্তিনি নকশার পোশাক, কেফিয়েহ ও স্কুলের ইউনিফর্ম। তাদের হাতে ছিল বিভিন্ন ভাষায় লেখা প্ল্যাকার্ড ও আঁকা ছবি। সেসবের মাধ্যমে শিশুদের সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবনের দাবি জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের দুর্দশার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে শিশুরা। ফিলিস্তিনি শিক্ষার্থী মারিয়া দাহের বলেন, আমরা বিশ্বের কাছে একটি বার্তা পাঠাচ্ছি, যেন তারা দেখে গাজার শিশুরা কারা। তারা বঞ্চিত শিশু, ক্ষুধার্ত শিশু, যারা শীত ও সব ধরনের দুর্ভোগের শিকার। তিনি বলেন, গাজার শিশুরা শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকার চায়।
