নেতানিয়াহুর লিকুদ পার্টিকে সরকার গঠনের আলোচনায় ডাকলেন আইজেনকোট

নেতানিয়াহুর লিকুদ পার্টিকে সরকার গঠনের আলোচনায় ডাকলেন আইজেনকোট

ফন্ট সাইজ:

ইসরাইলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টিকে জোট গঠনের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার আইজেনকোটের দল এ তথ্য জানিয়েছে। মধ্যপন্থি ইয়াশার পার্টি এক বিবৃতিতে বলেছে, রোববার থেকে শুরু হতে যাওয়া এই আলোচনা যতটা সম্ভব বৃহত্তর সরকার গঠনের আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। সাবেক সেনাপ্রধান আইজেনকোটের হাতে আগামী মাস পর্যন্ত সময় রয়েছে। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নেতানিয়াহুর পরিবর্তে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন তিনি।

এর পরে আইজেনকোটের বিস্তৃত রাজনৈতিক শিবিরের মধ্যে জোট গঠন নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে জোট করা হবে, নাকি আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সঙ্গে সমঝোতা করা হবে- তা নিয়ে শিবিরটির নেতাদের মধ্যে বিভক্তি রয়েছে। আবার নেতানিয়াহুর শিবিরের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রশ্নেও মতপার্থক্য রয়েছে। ইয়াশার পার্টির বিবৃতিতে বলা হয়েছে, নতুন সরকার গঠনের প্রতিটি সম্ভাবনা খতিয়ে দেখার প্রচেষ্টার অংশ হিসেবে দলের চেয়ারম্যান গাদি আইজেনকোট আলোচনাকারী দলকে লিকুদ পার্টির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছেন। রোববারের নির্ধারিত বৈঠক দিয়ে শুরু হবে ধারাবাহিক দীর্ঘ আলোচনা। আইজেনকোটের রাজনৈতিক শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার আইজেনকোটের নেতৃত্বে জায়নবাদী ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, তার দল নেতানিয়াহু কিংবা তার রাজনৈতিক জোটের সঙ্গে সরকার গঠনে অংশ নেবে না।
অন্যদিকে, নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার মতে, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে এমন একটি সরকার প্রয়োজন।

আইজেনকোটের ঘোষণার পরপরই লিকুদ পার্টি তার শিবিরের সঙ্গে ঐক্যের সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে। এ ধরনের সরকার গঠনের আগে সব ধরনের ব্যক্তিগত আক্রমণ ও উসকানি বন্ধ করার পাশাপাশি নেতানিয়াহু ও সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বয়কট প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্যদের নিয়ে সরকার গঠনের বিষয়ে আইজেনকোট ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে এর আগে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে তিনি দায়িত্ব পালন করবেন না।

লিকুদ পার্টি আরও বলেছে, একটি যৌথ ঘোষণার মাধ্যমে ঐক্যের সরকার গঠনের অঙ্গীকার করতে হবে। এ সরকারে থাকতে পারবে এমন সব দল, যারা ইহুদি জনগণের জাতিরাষ্ট্র হিসেবে ইসরাইল রাষ্ট্রের অস্তিত্বকে সমর্থন করে। তবে কোনো আরব দল এই সরকারে অংশ নিতে পারবে না বলে শর্ত দিয়েছে দলটি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার পর হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করতে অস্বীকৃতি জানানোর অভিযোগ তুলে নেতানিয়াহু ও তার মিত্ররা বারবার আরব দলগুলোর নেতাদের সমালোচনা করেছেন। তবে আরব দলগুলোর সব নেতাই ওই হামলার নিন্দা জানিয়েছেন। ঐক্যের সরকার গঠনের জন্য লিকুদ পার্টি কয়েকটি নীতিগত শর্তও প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে ইসরাইলকে ইহুদি জনগণের জাতিরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা, সিরিয়া, লেবানন ও গাজায় ইসরাইলের ‘নিরাপত্তা অঞ্চল’ বজায় রাখা এবং অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বিস্তৃত সমঝোতার ভিত্তিতে সামরিক বাহিনীতে তাদের সদস্যদের বাধ্যতামূলক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া।

শুক্রবার আইজেনকোট প্রতিশ্রুতি দিয়েছেন, সরকার গঠনের আলোচনা দীর্ঘায়িত হতে দেবেন না তিনি। বৃহত্তরভিত্তিক সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হলে সংসদে ভোটাভুটির জন্য সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাবও দিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন তিনি।