ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনের আল-রাফা ও আওয়ালি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে। অন্যদিকে বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় দেশটির একটি বেসামরিক শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর সেখানে আগুন ধরে যায়। বাহরাইন এ হামলার নিন্দা জানিয়েছে। ওদিকে ইরানের হুমকি থাকায় এখনো মার্কিন কোনো সামরিক ঘাঁটিতে বসবাস করছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাকে কোন ঘাঁটিতে সরিয়ে নেয়া হয়েছে তা পরিষ্কার বলা হয়নি। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মানামার কাছে একটি বেসামরিক শিল্পকারখানায় ইরান হামলা চালিয়েছে। এতে কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে দেশটির কর্মকর্তারা নতুন করে ‘সম্ভাব্য হুমকি’র সতর্কতা জারি করেছেন। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তারা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
অন্যদিকে সৌদি আরবের মক্কা প্রদেশে বিপদ সংকেত জারির পর তা কয়েক মুহূর্তের মধ্যেই প্রত্যাহার করে নেয় দেশটির কর্তৃপক্ষ। এ বিষয়ে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, মক্কার জন্য কোনো হুমকি নেই। ইরান সমর্থিত এই গোষ্ঠীর সৌদি আরবে হামলা অব্যাহত থাকার মধ্যেই এ বক্তব্য এলো। এদিকে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির ওপর পৃথক দুটি ঘটনায় যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার এবং এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছে তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরানের দাবি পূরণ করা হলে হরমুজ প্রণালি আবার খুলে দেয়া সম্ভব। তবে ইরানের ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে স্থানান্তরের প্রস্তাব তিনি নাকচ করে দিয়েছেন।
ওদিকে বাহরাইনের বেসামরিক শিল্পকারখানায় ইরানের হামলার নিন্দা জানিয়েছে জর্ডান। দেশটি এই হামলাকে বাহরাইনের সার্বভৌমত্বের ‘স্পষ্ট লঙ্ঘন’ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছে। জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রায় প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা একটি ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’র ঘটনা। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বাহরাইনের প্রতি জর্ডানের ‘পূর্ণ সংহতি’ পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণের সুরক্ষায় বাহরাইন যেসব পদক্ষেপ নেবে, সেগুলোর প্রতি সমর্থন জানিয়েছে আম্মান।
সামরিক ঘাঁটিতে বসবাস করছেন মার্কিন অর্থমন্ত্রী: ইরান সংশ্লিষ্ট প্রাণনাশের হুমকির কারণে এখনো যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে বসবাস করছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াশিংটন ডিসিতে নিজের বাড়ি ছেড়ে কবে তাকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেয়া হয়েছে, তা কর্মকর্তারা প্রকাশ করেননি। তবে গত ১০ই নভেম্বর নিউ ইয়র্ক টাইমস প্রথম এ খবর প্রকাশ করে। ওয়াল স্ট্রিট জার্নাল বেসেন্টের বাড়ির আকাশ থেকে তোলা একটি ছবি প্রকাশ করার পর ইরান তার বাড়ির ভৌগোলিক অবস্থান শনাক্ত করেছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির মার্কিন প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। হরমুজ প্রণালি খুলে দেয়া এবং জাহাজ চলাচলে হামলা বন্ধ করতে তেহরানকে বাধ্য করাই এ প্রচারণার লক্ষ্য। এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে ইরান।
ওদিকে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ বৈশ্বিক অর্থনীতির ওপর বড় ধরনের ‘অর্থনৈতিক বোঝা’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার মতে, বৈশ্বিক আর্থিক সংকটের প্রভাব কিছুটা হলেও কমাতে যুদ্ধবিরতি প্রয়োজন। শনিবার তুরস্কের সম্প্রচারমাধ্যম টিজিআরটি হাবেরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংঘাতের প্রভাব আন্তর্জাতিক বাজারের জন্য ক্রমেই হুমকি হয়ে উঠছে। ফিদান বলেন, এই যুদ্ধ এবং এর সমাধান না হওয়ার কারণে সৃষ্ট অর্থনৈতিক বোঝা অনেক দেশের জন্য প্রতিদিনই আরও কঠিন হয়ে উঠছে। পরিস্থিতি অত্যন্ত ধ্বংসাত্মক প্রভাবের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আশা করি একটি সমঝোতা সফল হবে। আমরাও এ জন্য আমাদের পক্ষ থেকে সবকিছু করার চেষ্টা করছি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। যদিও আলোচনার প্রক্রিয়া কার্যত অচলাবস্থায় রয়েছে বলে মনে হচ্ছে। তিনি জানান, মধ্যস্থতার প্রচেষ্টা চলমান রয়েছে। সম্প্রতি এ সংকট নিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে আলোচনা করেছেন তিনি।
ইরানকে ঘিরে বিরোধ নিরসনে দুটি পৃথক কূটনৈতিক কাঠামোর কথাও তুলে ধরেছেন ফিদান। তার মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কাঠামোর মধ্যে সমাধান করা যেতে পারে। তবে ইরানকে ঘিরে অন্যান্য আঞ্চলিক সমস্যার সমাধানে বাইরের শক্তির পরিবর্তে সংশ্লিষ্ট আঞ্চলিক দেশগুলোর সরাসরি উদ্যোগ নেয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
বাহরাইনের ইরানের হামলা, মার্কিন ড্রোন ভূপাতিত, গোপন সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১৪ মিনিট আগে
২২ নভেম্বর (রবিবার), ২০২৬, ৯ঃ২২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
