কবি ও কলামিস্ট আবু জুবায়েরের নাম ও পরিচয় ব্যবহার করে তার মৃত্যুর মিথ্যা সংবাদ ছড়িয়ে প্রতারণার ঘটনা ঘটেছে। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় প্রতারণার মাধ্যমে ২৫ হাজার ৪৯০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গত ২০ নভেম্বর রাত ৯টা ২৭ মিনিটে ০১৬০৩-২৯৫৮০৯ নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন করা হয় একজন ভুক্তভোগী আত্মীয়ের মোবাইলে। ফোনকারী নিজেকে আবু জুবায়েরের বাবা আবু সালেহ পরিচয় দিয়ে জানান, আবু জুবায়ের ইমন মোটরবাইক দুর্ঘটনায় মারা গেছেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা প্রয়োজন বলে জানানো হয়। এই মিথ্যা সংবাদে বিশ্বাস করে বিকাশের মাধ্যমে তিনটি পৃথক লেনদেনে সর্বমোট ২৫ হাজার ৪৯০ টাকা পাঠানো হয়।
এ ঘটনায় বিকাশ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং অভিযোগটি নথিভুক্ত হয়েছে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। সংশ্লিষ্টদের শনাক্তকরণ এবং প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের প্রতারণামূলক ফোনকল ও মিথ্যা মৃত্যুসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
