ইরানের উপকূলীয় এলাকায় একের পর এক বিস্ফোরণ

ইরানের উপকূলীয় এলাকায় একের পর এক বিস্ফোরণ

ফন্ট সাইজ:

ইরানের দক্ষিণ উপকূলীয় বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিক, মিনাব ও কেশম দ্বীপসহ বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর সৌদি গেজেটের।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানিয়েছে, সিরিক ও মিনাব কাউন্টির উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর পাওয়া গেছে।
দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সিরিকের কয়েকটি এলাকায় শত্রুপক্ষের প্রজেক্টাইল আঘাত হেনেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

এছাড়া স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, সিরিক, মিনাব ও কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, এসব শব্দ সমুদ্রের দিক থেকে এসেছে।
এর আগে বুধবার ফার্স জানায়, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর জাস্কের কিছু এলাকায় সমুদ্রের দিক থেকে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এসব বিস্ফোরণের খবর এলো। আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়েও দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ করে আসছে।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ওয়াশিংটনে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের আশায় তেহরান যুদ্ধ চালিয়ে যেতে চাইছে, যাতে পরবর্তীতে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ পায়।
তিনি দাবি করেন, ওয়াশিংটনে আরও নমনীয় একটি প্রশাসন ক্ষমতায় আসার লক্ষ্যে তেহরান মার্কিন ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে।