সিরিয়ার ভূখণ্ডে দাঁড়িয়ে নেতানিয়াহুর হুঙ্কার, ইরানকে নিয়ে বড় ঘোষণা

সিরিয়ার ভূখণ্ডে দাঁড়িয়ে নেতানিয়াহুর হুঙ্কার, ইরানকে নিয়ে বড় ঘোষণা

ফন্ট সাইজ:

ইরানকে পরাজিত করার খুব কাছাকাছি তেল আবিব বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার ভূখণ্ডে অবস্থিত মাউন্ট হারমনের শীর্ষে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। বুধবার (৯ সেপ্টেম্বর) টাইমস অব ইসরাইলের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে ওই এলাকা ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিয়ন্ত্রণে রেখেছে।
এদিন নেতানিয়াহু বলেন, ইসরাইল তার সীমান্তের কাছে কোনো ‘সন্ত্রাসী বাহিনীকে’ প্রতিষ্ঠিত হতে দেবে না। এ বক্তব্যের মাধ্যমে তিনি সিরিয়ার ভেতরে ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা বাফার জোনের দিকেই ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, আমাদের সীমান্তের পাশে কোনো সন্ত্রাসী বাহিনীকে প্রতিষ্ঠিত হতে দেব না। আর এটি ‘ওয়ার অব রিভাইভাল’-এ আমরা যে সবচেয়ে বড় অর্জনগুলো করেছি, তার অন্যতম।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর একাধিক ফ্রন্টে শুরু হওয়া যুদ্ধকে নেতানিয়াহু ‘ওয়ার অব রিভাইভাল’ বা ‘পুনর্জাগরণের যুদ্ধ’ নামে অভিহিত করে আসছেন।

তবে আরও কাজ বাকি রয়েছে বলেও এদিন উল্লেখ করেন ইসরাইলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, মূল কাজ হলো ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থাকে পরাজিত করা। আমরা এর খুব কাছাকাছি রয়েছি। আমরা জানি, শেষ পর্যন্ত পুরো অক্ষই ভেঙে পড়বে। আমরা এটি করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা তা করব।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানি শাসনব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তবে এপ্রিলের মধ্যে ইসরাইল ও ইরানের মধ্যে সরাসরি লড়াই অনেকটাই থেমে যায়। এরপরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।