সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ আন্তর্জাতিক স্তরে প্রকাশের দিনই অর্থাৎ আগামী ১০ নভেম্বরে ভারতেও প্রকাশিত হবে। পেঙ্গুইন র্যান্ডম হাউস প্রকাশনা সংস্থা ওই বইটি প্রকাশ করতে অস্বীকার করলেও নতুন প্রকাশকের সঙ্গে চুক্তি হয়েছে সোনিয়া গান্ধীর। বইটি এবার ভারতে প্রকাশ করবে প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স ইন্ডিয়া। সংস্থার তরফে সোশাল মিডিয়ায় সোনিয়ার বই প্রকাশের খবর জানানো হয়েছে।
শুক্রবার এই প্রকাশনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১০ নভেম্বর ভারতে তা প্রকাশিত হবে। আন্তর্জাতিক স্তরে বইটি প্রকাশ করছে যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা আলফ্রেড এ ক্নপ্ফ। ভারতে এটি প্রকাশ করার জন্য চুক্তি হয়েছিল পেঙ্গুইন র্যানডম হাউস ইন্ডিয়ার সঙ্গে। কিন্তু পেঙ্গুইন বইটির কোনো কোনো অংশের ‘তথ্য’ বাদ দেওয়ার বা সংশোধনের প্রস্তাব করেছিল। কিন্তু সোনিয়া গান্ধী তা করতে বাজি হননি। এরপর পেঙ্গুইন সংস্থা প্রকাশ করার চুক্তি থেকে পিছিয়ে আসে। গত ২৮ আগস্ট পেঙ্গুইন র্যানডম হাউস জানিয়ে দেয় তারা বইটি প্রকাশ করছে না। পেঙ্গুইনের ওই সিদ্ধান্তের পরই আসরে নেমেছিল হার্পার কলিন্স। শুক্রবার প্রকাশনা সংস্থার পক্ষ থেকে ‘এক্স’ হ্যান্ডলে সোনিয়া গান্ধীর ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’কে ‘এ সময়ের অন্যতম সবচেয়ে প্রতীক্ষিত রাজনৈতিক স্মৃতিকথা’ আখ্যা দিয়ে বলেছে, ‘এটি ভালোবাসা, আত্মপরিচয়, কর্তব্য ও একাত্মতাবোধের এক নাটকীয় ও গভীর ব্যক্তিগত আখ্যান, ভারতীয় প্রবাহকে খুব কাছ থেকে নিরীক্ষণ করা এক দলিল।’
