কর্ণাটক পুলিশ ৯ই অগস্ট ‘অপারেশন মুক্ত’ নামে বিশেষ অভিযান শুরু করে ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ড এবং ইলেকট্রনিক সিটি এলাকায় মোট ২ হাজার ৯৪৪ জন সন্দেহভাজনের পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি যাচাই করে। তদন্তে ১০৫ জনকে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছে ভারতে থাকার বৈধ কাগজপত্র নেই। বিভিন্ন সময়ে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। ভারতে যাওয়ার পর ব্যাঙ্গালোরে গিয়ে তারা বিভিন্ন কাজে যুক্ত হন। কেউ নির্মাণকাজে, কেউ অন্য ধরনের শ্রমিকের কাজ করছিলেন। এভাবে তারা দীর্ঘদিন ব্যাঙ্গালোরের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন। এখন তাদের পরিচয় এবং কোন পথে ভারতে এসেছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। কোনও দালাল বা পাচারচক্র তাদের ভারতে প্রবেশে সাহায্য করেছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
ধৃতদের দফায় দফায় পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য। মঙ্গলবার রাতে ৩১ জন কথিত বাংলাদেশিকে কড়া পুলিশি পাহারায় পশ্চিমবঙ্গের মালদহে আনা হয়েছে। রাতেই আটক ব্যক্তিদের মালদহ জেলা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত তাদের একটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। এরপর শুরু হবে বাংলাদেশে ফেরানোর আইনি প্রক্রিয়া। মালদহের সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হতে পারে বলে জানা গিয়েছে।
