সিন্ধু পানি চুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়, প্রত্যাখ্যান ভারতের

ফন্ট সাইজ:

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত বাতিল করে আন্তর্জাতিক সালিশি আদালত (‘পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন’) যে রায় দিয়েছে ভারত তা প্রত্যাখ্যান করেছে। হেগ ভিত্তিক আন্তর্জাতিক সালিশি আদালত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি ভারতকে মেনে চলতে হবে বলে সোমবার রায় দিয়েছে। সেই সঙ্গে জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়াড় জেলার রাতলে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ কাটছাঁট করতেও নয়াদিল্লিকে নির্দেশ দিয়েছে আদালত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতের সার্বভৌম সিদ্ধান্তের বিষয়ে নির্দেশ দেওয়ার কোনো এখতিয়ার এই আদালতের নেই এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল থাকবে।
জম্মু ও কাশ্মীরে ‘রাতলে’ জলবিদ্যুৎ প্রকল্পের নির্দিষ্ট কিছু কাঠামো নির্মাণ থেকে নয়াদিল্লিকে বিরত রাখার বিষয়ে আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন নির্দেশও ভারত সরকার প্রত্যাখ্যান করেছে। সেই সঙ্গে আন্তর্জাতিক ওই আদালতের বৈধতা নিয়েই প্রশ্ন তুলে ভারত সরকার বলেছে, ‘‘অবৈধভাবে গঠিত ওই সংস্থার কথার কোনও মূল্য নেই।’’
আদালতের নির্দেশে প্রত্যাখ্যান করে দেওয়া বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার বিষয়ে ভারতের সিদ্ধান্ত বহাল রয়েছে।”
পেহালগামে সংঘটিত সন্ত্রাসী হামলার (যা পাকিস্তান-ভিত্তিক লস্কর-এ-তৈয়বার একটি প্রক্সি গোষ্ঠী চালিয়েছিল) জবাবে ভারত ২০২৫ সালের এপ্রিলে শাস্তিমূলক কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপের অংশ হিসেবে সিন্ধু পানি চুক্তিটি স্থগিত রেখেছে। আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করাকে যুদ্ধের শামিল বলে অভিহিত করেছে পাকিস্তান। এই পানি-বণ্টন চুক্তির বর্তমান অবস্থা নির্ধারণের লক্ষ্যে পাকিস্তান চলতি বছরের মার্চ মাসে হেগের আদালতের দ্বারস্থ হয়েছিল।