স্বাধীনচেতা নারী ও সাহসী চরিত্রে অভিনয় করে নিজের শক্ত অবস্থান গড়েছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এই মুহূর্তে আসন্ন সিনেমা ‘গান্ধারী’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি আরও সিনেমার প্রস্তাব পাচ্ছেন। তবে সেসবের বেশির ভাগ ফিরিয়ে দিচ্ছেন তাপসী। এদিকে, এমন খবরে চিন্তিত তার ভক্তরা। হঠাৎ সিনেমার প্রস্তাব কেন ফিরিয়ে দিচ্ছেন তিনি? তবে কি চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাপসীর ভক্ত-অনুরাগীদের মনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে চান না। বরং পর্দায় নিজেকে নানাভাবে মেলে ধরতে চান অভিনেত্রী।
তার ভাষ্য, ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের একটি নির্দিষ্ট ধারার মধ্যে আটকে দেয়ার প্রবণতা রয়েছে। গ্ল্যামারাস চরিত্র এবং কঠিন বা সামাজিক সমস্যাভিত্তিক সিনেমার জন্য আলাদা নির্দিষ্ট তালিকা রয়েছে। আর এই ‘টাইপকাস্টিং’র বিরুদ্ধেই ঘোর আপত্তি অভিনেত্রীর। তিনি আরও বলেন, কোনো সিনেমার প্রস্তাব আসার পর পছন্দ না হলে নাকচ করে দেই। শুধু তাই নয়, নির্মাতাদের সরাসরি জানিয়ে দেন, দর্শক যদি আগেই ছবির পরিণতি বুঝে ফেলতে পারেন, তাহলে সেই সিনেমায় আমাকে নেয়াও ঠিক হবে না। তাপসীর স্পষ্ট কথা, ক্যারিয়ারের শুরুতে নিয়মমাফিক, চেনা ছকের চরিত্রের কোনো বিকল্প ছিল না। তাই অন্য ধরনের চরিত্র বেছে নিয়েছিলাম। ভাগ্যক্রমে সেই সিনেমা ও চরিত্রগুলোই পরে মূলধারায় জায়গা করে নেয়। একটি নির্দিষ্ট ছকে তাকে বেঁধে রাখা যাবে না।
