হাল সময়ে নাটকের অভিনেত্রীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পাচ্ছেন তিনি তানজিম সাইয়ারা তটিনী। গত দুই বছরে একের পর এক কাজের মধ্যদিয়ে নিজেকে অভিনেত্রী হিসেবে মেলে ধরেছেন তিনি। নানা ধরনের চরিত্রে তাকে পাওয়া গেছে। তবে হাল সময়ে পারিবারিক ও রোমান্টিক গল্পে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে তাকে। শুধু তাই নয়, চলতি বছরের প্রায় আট মাস শেষ হতে চলেছে। হিসাব কষলে এই সময়ে দর্শকপ্রিয়তা ও ইউটিউব ভিউয়ে সব থেকে এগিয়ে রয়েছে তটিনী অভিনীত নাটকগুলো। তবে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে বেশ বুঝেশুনে পথ চলতে চান এ অভিনেত্রী। তিনি বলেন, অল্প সময়ে অনেক নাটকে অভিনয় করেছি। আমার সৌভাগ্য যে, সেসব নাটকে দর্শকদের ভালোবাসা পেয়েছি। তবে এ বছর থেকে আমি চেষ্টা করছি আরেকটু বেছে বেছে কাজ করার।
আমার দর্শকরা যেন নিরাশ না হন সেই চেষ্টাটা রয়েছে। এরইমধ্যে নতুন বেশ কিছু নাটকে অভিনয় করা হয়েছে। আমার বিশ্বাস, এ নাটকগুলো একে একে প্রকাশ্যে এলে দর্শকদের ভালো লাগবে। এদিকে, তটিনীর হাতে রয়েছে কমপক্ষে এক ডজন নতুন নাটকের কাজ। সেগুলো সময় নিয়েই করতে চান তিনি। বেছে বেছে নতুন কাজগুলো নির্বাচন করছেন। একক নাটকের বাইরে সম্প্রতি একটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন তিনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকের নাম ‘ফিরে আসার গল্প’। পারিবারিক গল্পের এই নাটকে আরও অভিনয় করছেন- শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, খায়রুল বাসার প্রমুখ। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে ধারাবাহিকটি অক্টোবরের ৭ তারিখ থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রকাশিত হবে।
